‘নুরুর মতো পাটোয়ারীকে মারতে মারতে মন্ত্রী বানাবে বিএনপি’ খালেদ মহিউদ্দিনের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, সাংবাদিক খালেদ মুহিউদ্দীন “নুরুর মতো নাসিরুদ্দিন পাটোয়ারীকে মারতে মারতে মন্ত্রী বানাবে বিএনপি” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খালেদ মুহিউদ্দীন এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সাধারণত খালেদ মুহিউদ্দীন এমন মন্তব্য করলে সেটি গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হতো। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। এছাড়া, খালেদ মুহিউদ্দীনের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্যের তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে, ‘ChandaVision – খাম্বার কাছের টেম্পুস্ট্যান্ডের টেন পারসেন্ট চাঁন্দা’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ২২ মে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে।
ফটোকার্ডটির নিচের অংশে ‘cvnbangla24.com’ নামক একটি কথিত ওয়েবসাইটের ঠিকানা এবং ‘স্বজন হারানোর ১৯৭৫’ শীর্ষক একটি ব্যাঙ্গাত্নক বাক্য রয়েছে। অনুসন্ধানে, ‘cvnbangla24.com’ নামের কোনো ওয়েবসাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। মূলধারার কোনো গণমাধ্যম সাধারণত এ ধরনের ব্যঙ্গাত্মক বাক্য বা ভুয়া ওয়েবসাইট লিংক ব্যবহার করেনা।
পরবর্তীতে, পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, এটি গণমাধ্যম বাংলাভিশন এর লোগো ও ফটোকার্ডের আদলে তৈরি করা হয়েছে। পেজটির নামও ব্যঙ্গাত্মক। পেজের বায়োতে উল্লেখ রয়েছে, ‘খবরের পেছনের খবর তুলে আনাই আমাদের কাজ। সত্য ১০%, বিনোদন ৯০%। “ChandaVision – খাম্বার কাছের টেম্পুস্ট্যান্ডের টেন পারসেন্ট চাঁন্দা” ফলো করুন, মন ভালো রাখুন।’
এছাড়াও, পেজটিতে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, খালেদ মুহিউদ্দীন “নুরুর মতো নাসিরুদ্দিন পাটোয়ারীকে মারতে মারতে মন্ত্রী বানাবে বিএনপি” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

