খালেদা জিয়া মারা যাননি, চিকিৎসাধীন আছেন 

সম্প্রতি, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গেছেন- শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আবার, খালেদা জিয়া মারা গেছেন এমন দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতেও প্রচারিত হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে প্রচারিত দাবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মারা যাননি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এসংক্রান্ত কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, গতকাল (২৪ নভেম্বর) রাত আটটার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছিল। পরবর্তীতে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউতে নেওয়া হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এই দাবি প্রচার করা হলেও তার ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা অন্য কোথাও এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশের সাবেক দুইবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেলে তা নিয়ে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ করাটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে খালেদা জিয়া মারা যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

এমনকি বিএনপির মিডিয়া সেল কিংবা অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, গতকাল (২৪ নভেম্বর) রাত ০৯ টা ১৮ মিনিটে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

এছাড়া, সময় টিভির ওয়েবসাইটে গতকাল (২৪ নভেম্বর) ১১ টা ২৫ মিনিটে ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে: ডা. শাহাবুদ্দিন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার আগের চেয়ে একটু ভালো আছেন। কেবিনে চিকিৎসাধীন।

সুতরাং, খালেদা জিয়া মারা গেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: