গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন এবং আলোচনা চলছে সর্বত্র। এরই প্রেক্ষিতে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও তার ছেলে খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, ছবিটি অতি সম্প্রতি তোলা।

উক্ত দাবির টিকটক পোস্ট দেখুন এখানে। পোস্টটি দেখা হয়েছে প্রায় ৪ লক্ষ ৪৫ হাজারের অধিক বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্টে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ে খালেদা জিয়াকে দেখতে যান এ্যানি ও তার ছেলে। উক্ত ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ফেসবুক পেজে ২০২৪ সালের ২০ আগস্ট প্রকাশিত একটি ছবির সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়।

‘দেশনেত্রীর সান্নিধ্যে’ ক্যাপশনে ছবিটি প্রকাশ করা হলেও এটি ঠিক কবে তোলা তা উল্লেখ করা হয়নি পোস্টে। তবে সে সময়ের গণমাধ্যমের প্রতিবেদন এবং ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকা খালেদা জিয়ার একাধিক ছবি থেকে নিশ্চিত হওয়া যায়, খালেদা জিয়া সে সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা পোস্টের এক সংবাদ থেকে জানা যায়, সে বছরের ০৮ জুলাই হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময়ও তিনি হাসপাতালেই ছিলেন। বঙ্গভবনের উপ-প্রেস সচিব মো. শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে ৬ আগস্ট জানানো হয়, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এরপরই খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানাতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুতরাং, খালেদা জিয়ার হাসপাতালে তোলা পুরোনো ছবিতে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Shahid Uddin Chowdhury Anee: Facebook Post


