খালেদা জিয়া অসুস্থ থাকায় তারেক রহমান নির্বাচন পেছানোর আহ্বান জানিয়েছেন শীর্ষক দাবিটি ভুয়া

গত ২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছেন তিনি। এর প্রেক্ষিতেই “খালেদা জিয়া অসুস্থ থাকায় নির্বাচন পেছানোর আহ্বান তারেক জিয়ার” শীর্ষক দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির টিকটক পোস্ট দেখুন এখানে। ভিডিওটি এখন পর্যন্ত ৩০ হাজারের অধিক বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খালেদা জিয়া অসুস্থ থাকায় নির্বাচন পেছানোর আহ্বান তারেক রহমান শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। দাবিটির সূত্রপাত অনুসন্ধানে Gorom TV নামের একটি ফেসবুক পেজে গত ২৫ নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ গরম টিভি নামের পেজটি মূলত বিনোদনের উদ্দেশ্যে বিভিন্ন কনটেন্ট বানিয়ে প্রচার করে।

কনটেন্টগুলো ব্যাপক প্রচারের কারণে অনেকেই এগুলোকে সত্য ভেবে নিয়ে বিভ্রান্ত হন। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, খালেদা জিয়া অসুস্থ থাকায় নির্বাচন পেছানোর আহ্বান তারেক জিয়ার শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis

