হাসপাতালে খালেদা জিয়ার সাথে ডা. জোবাইদা রহমানের দেখা করার ছবি দাবিতে এআই ছবি প্রচার

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সমমানের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। ৩০ নভেম্বর ভোরে এইচডিইউ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়। এরই প্রেক্ষিতে অনলাইনে একটি ছবি প্রচার করা হয়েছে যেখানে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়ার পাশে তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আলোচিত ছবি সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
আলোচিত ছবি টিকটক ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
আলোচিত ছবি সম্বলিত ইউটিউব পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
আলোচিত ছবি সম্বলিত ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ডা. জোবাইদা রহমানের সাক্ষাতের আসল ছবি নয় এটি। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ছবিটি পর্যবেক্ষণ করলে ডা. জোবাইদা রহমানের দাঁড়িয়ে থাকার অঙ্গভঙ্গি ও ত্বকের গঠনসহ পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।
আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে, এর নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপও লক্ষ্য করা যায়।

এ বিষয়ে অনুসন্ধানে জানা গেছে, গুগল ডিপমাইন্ড ‘ন্যানো বানানা’ নামে একটি উন্নত ইমেজ এডিটিং মডেল উন্মোচন করেছে, যা বর্তমানে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির মাধ্যমে ব্যবহার করা যায়। এই মডেল ব্যবহারকারীদের উন্নত ও সৃজনশীলভাবে ছবি সম্পাদনার সুযোগ প্রদান করে।
পাশাপাশি, প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। বুম বাংলাদেশের সহায়তায় ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বরে দেশিয় সংবাদমাধ্যম মানবজমিন এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর খবর জানানো হলে ‘লন্ডন ক্লিনিকে’ ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ব্রিফ করেন চিকিৎসককে। সেখান থেকে যুক্ত করা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদেরও।
অর্থাৎ, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারেক রহমানের সাথে যুক্তরাজ্যে আছেন ডা. জোবাইদা রহমান। অপরদিকে দেশে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। উল্লেখ্য, এর আগে গত ৬ মে খালেদা জিয়ার সাথে দেশে আসেন ডা. জোবাইদা রহমান এবং প্রায় এক মাস পর গত জুন মাসেই লন্ডনে ফেরত যান তিনি।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে হাসপাতালে খালেদা জিয়ার সাথে ডা. জোবাইদা রহমানের দেখা করার ছবি দাবিতে প্রচারিত আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি।
সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে হাসপাতালে খালেদা জিয়ার সাথে ডা. জোবাইদা রহমানের দেখা করার আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis

