গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ৩৬ বছর ধরে নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। এরই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে খামেনির একটি ছবি তার মৃতদেহের ছবি হিসেবে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আয়াতুল্লাহ আলী খামেনির এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০১৪ সালে ইরানের তেহরানের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর আয়াতুল্লাহ আলী খামেনির কপালে রাষ্ট্রপতি হাসান রুহানির চুমু খাওয়ার দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক সংবাদপত্র। The San Diego Union-Tribune এর ওয়েবসাইটে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে বর্তমানে প্রচারিত ছবির সাদৃশ্য রয়েছে। ছবির বর্ণনা অনুযায়ী, প্রোস্টেট অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি হাসান রুহানি খামেনির কপালে চুম্বন করছেন এমন একটি মুহূর্তই সেখানে তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, Euronews এর ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর প্রকাশিত ‘Iran supreme leader Ayatollah Ali Khamenei has ‘successful’ prostate surgery’ শিরোনামের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, সেসময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রোস্টেট অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। উক্ত ভিডিওর সাথে বর্তমানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সাদৃশ্যপূর্ণ।
এছাড়া, এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সংবাদ সংস্থা, গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহের কোনো ছবি পাওয়া যায়নি।
সুতরাং, খামেনির মৃতদেহের ছবি দাবিতে ১১ বছর আগের ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The San Diego Union-Tribune – Iran’s supreme leader undergoes prostate surgery
- Euronews – Youtube Video


