গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এসব ঘটনার মধ্যেই ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়। অবশেষে, গত ০১ মার্চ সকালে ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA (ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি) আলী খামেনি নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। এরই প্রেক্ষিতে, আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের দৃশ্য দাবিতে দুটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়৷ প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি দুটি ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে ছবিগুলোর কোন সূত্রে পাওয়া সে সম্পর্কে জানা যায়নি।
আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের দৃশ্যের কোনো ছবি ইরান সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হলে ছবিগুলো দেশটির এবং আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো পর্যবেক্ষণ করে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়; যেমন- কফিনে আলী খামেনিকে চশমা ও সাধারণ পোশাক পরিহিত অবস্থায় রাখা হয়েছে। এবং, ছবি দুটিতে প্রায় সবকিছু একই রকম থাকলেও দুটির পশ্চাৎপটের মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। এছাড়া, ছবিগুলোতে এক ধরণের কৃত্রিমতা লক্ষ্য করা যায়। তাছাড়া, ছবিগুলোসূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে এর মধ্যে একটির নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপ দেখতে পাওয়া যায়।
ছবি দুটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Detect (১, ২) এর মাধ্যমে ছবি দুটি পরীক্ষা দেখা যায়, এগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা যথাক্রমে ৯৯.৯ ও ৯৯.৮ শতাংশ।
সুতরাং, আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের দৃশ্য দাবিতে প্রচারিত ছবি দুটি এআই-নির্মিত৷


