‘এখন থেকে ১৭ বছর আগে খাম্বা ছিল কিন্তু সে গুলোতে বিদ্যুৎ ছিল না’ শীর্ষক মন্তব্য করেননি ছাত্রশক্তির রাফি

সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে দাবি প্রচার করা হয়েছে, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, ‘এখন থেকে ১৭ বছর আগে খাম্বা ছিল কিন্তু সে গুলোতে বিদ্যুৎ ছিল না.. আর এখন বর্তমানে পাম্প আছে কিন্তু পেট্রোল নেই! We Have A Plan..’

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি এককভাবে প্রায় ৪০ হাজারবার দেখা হয়েছে এবং দেড় হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘এখন থেকে ১৭ বছর আগে খাম্বা ছিল কিন্তু সে গুলোতে বিদ্যুৎ ছিল না’ শীর্ষক মন্তব্য করেননি জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই রাফির নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সাম্প্রতিক জ্বালানি সংকট বিষয়ে রাফির মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে রাফির ফেসবুক অ্যাকাউন্টে গত ২৯ মার্চে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে তিনি বলেন, সরকারের বলা দেশে তেলের সংকট নেই কথার সাথে তিনি একমত। তবে একইসাথে দেশে তেলের জন্য লম্বা লাইনও দেখা যাচ্ছে। দেশে এরূপ সংকটের জন্য রাফি সিন্ডিকেটকে দায়ী করেন।

প্রসঙ্গত, রাফি এরূপ কোনো মন্তব্য না করলেও জুলাই কন্যা সুরভী নামে পরিচিত এক নারীকে আলোচিত মন্তব্যের অনুরূপ মন্তব্য করতে দেখা যায়।

সুতরাং, ‘এখন থেকে ১৭ বছর আগে খাম্বা ছিল কিন্তু সে গুলোতে বিদ্যুৎ ছিল না.. আর এখন বর্তমানে পাম্প আছে কিন্তু পেট্রোল নেই’ শীর্ষক মন্তব্য খান তালাত মাহমুদ রাফি করেছেন বলে প্রচারিত দাবি মিথ্যা।

তথ্যসূত্র

  • Khan Talat Mahmud Rafy – Facebook Post
  • Rumor Scanner’s analysis
Share: