কিডনির পাথর অপসারণের ভিডিওকে হার্ট ব্লক চিকিৎসার নতুন পদ্ধতি দাবিতে প্রচার 

গেল কয়েক বছর ধরে “হার্টের রিং পরানোর দিন শেষ, এলো নতুন প্রযুক্তি” শীর্ষক শিরোনামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।

বছর ভিত্তিক এমন কিছু পোস্ট দেখুন-

একই দাবিতে ইউটিউবের একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত ভিডিওটি হার্ট ব্লকের চিকিৎসার নতুন কোনো প্রযুক্তি নয় বরং এটি কিডনির পাথর অপসারণের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর ২ মিনিট ২২ সেকেন্ড সময়ে ডানপাশে নিচে Accordion Medical এবং Boston Scientific Urology নামক দুইটি নাম দেখা যায়।

পরবর্তীতে উক্ত নাম দুটি কী ওয়ার্ড সার্চের মাধ্যমে Accordion Medical এবং Boston Scientific Urology নামক দুইটি ভিন্ন ভিন্ন ইউটিউব চ্যানেল পাওয়া যায়।

‘Accordion Medical’ এর ইউটিউব চ্যানেলে ২০১২ সালের ২৫ অক্টোবর প্রকাশিত “CoAx 10mm stone control cathether from Accordion Medical” শীর্ষক শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে হার্টের নতুন চিকিৎসা প্রযুক্তির দাবিতে প্রচারিত ভিডিওটির প্রথম ৫৫ সেকেন্ডের ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে উক্ত চ্যানেলে একইদিন (২০১২ সালের ২৫ অক্টোবর) “CoAx 15mm stone control cathether from Accordion Medical” শীর্ষক শিরোনামের আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে হার্টের নতুন চিকিৎসা প্রযুক্তির দাবিতে প্রচারিত ভিডিওটির ৫৬ সেকেন্ড সময় থেকে ১ মিনিট ৪৭ সেকেন্ড সময় পর্যন্ত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

এছাড়াও Boston Scientific Urology নামক ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে ২০১৬ সালের ১৫ নভেম্বর প্রকাশিত “Dakota stone Retrieval Device animation” শীর্ষক শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে হার্টের নতুন চিকিৎসা প্রযুক্তির দাবিতে প্রচারিত ভিডিওটির ১ মিনিট ৪৮ সেকেন্ড থেকে ২ মিনিট ২৩ সেকেন্ড অর্থাৎ ভিডিওটির শেষ পর্যন্ত সময়ের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

যা থেকে নিশ্চিত হওয়া যায় দুইটি ভিন্ন ভিন্ন ইউটিউব চ্যানেল হতে প্রাপ্ত তিনটি আলাদা ভিডিও একসাথে যুক্ত করে হার্টের চিকিৎসার নতুন পদ্ধতির দাবিতে প্রচার করা হচ্ছে।

Accordion Medical এর ইউটিউব চ্যানেল হতে প্রাপ্ত ভিডিও দুটি পর্যবেক্ষণ করে ভিডিওর শেষে PercSys নামক একটি লোগো দেখা যায়। উক্ত শব্দটি কী ওয়ার্ড সার্চের মাধ্যমে Bloomberg এর ওয়েবসাইটে Percutaneous Systems Inc নামক একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত সংস্থাটি চিকিৎসা সামগ্রী বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। এটি মূলত কিডনিতে পাথর অপসারণের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিক্রি করে থাকে।

পরবর্তীতে উক্ত ইউটিউব ভিডিওর শিরোনাম এবং প্রতিষ্ঠানের নামের সূত্র ধরে কী ওয়ার্ড সার্চের মাধ্যমে PercSys এর ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। উক্ত ওয়েবসাইট থেকে জানা যায়, 10mm Accordion CoAx নামক ডিভাইসটি এন্ডোসকপি লিথোট্রিপসি নামক চিকিৎসা পদ্ধতির জন্য ব্যবহার করা হয়।

এছাড়াও Boston Scientific Urology এর ইউটিউব চ্যানেলে প্রাপ্ত ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইট লিংক খুঁজে পাওয়া যায়।

উক্ত ওয়েবসাইট থেকে জানা যায়, ‘Dakota Retrieval’ নামক ডিভাইসটিও পাথর অপসারণের চিকিৎসায় ব্যবহৃত হয়।

পরবর্তীতে উক্ত চিকিৎসা পদ্ধতির সূত্র ধরে কী ওয়ার্ড সার্চের মাধ্যমে আমেরিকান স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট Healthline এ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এন্ডোসকপি লিথোট্রিপসি হলো কিডনির পাথর অপসারণের চিকিৎসা পদ্ধতি।

পরবর্তীতে, হার্ট ব্লকের নতুন চিকিৎসা পদ্ধতির দাবিতে প্রচারিত ভিডিওটির ক্যাপশনে উল্লেখিত মুম্বাইয়ের জে জে হাসপাতালের তথ্য অনুসন্ধান করে ভারতীয় গণমাধ্যম Mumbai Live এর ওয়েবসাইটে ২০১৮ সালের ২৮ মার্চ “Viral ‘Angiography Video’ Is Fake According To Doctors At JJ Hospital” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে মুম্বাইয়ের জে জে হাসপাতালের চিকিৎসকদের বরাতে জানানো হয়, হার্ট ব্লকের নতুন চিকিৎসা পদ্ধতির দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য নয়।

মূলত, গেল কয়েক বছর ধরে হার্টের ব্লক চিকিৎসার নতুন পদ্ধতির দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার হয়ে আসছে। তবে অনুসন্ধানে দেখা যায়, উক্ত ভিডিওটি দুইটি ভিন্ন ইউটিউব চ্যানেলের কিডনির পাথর অপসারণের চিকিৎসা পদ্ধতির তিনটি এনিমেটেড ভিডিওর সমন্বয়ে তৈরি করা হয়েছে।

সুতরাং, কিডনির পাথর অপসারণের চিকিৎসা পদ্ধতির ভিডিওকে হার্টের চিকিৎসার নতুন পদ্ধতির ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: