কিশোরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়ার দাবিটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘কিশোরগঞ্জে দিনে-দুপুরে তরুণীকে ধর্ষণের পরে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে কয়েকজন যুবকের সাহসিকতায় রক্ষা পায় মেয়েটি!!’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কিশোরগঞ্জে তরুণীকে ধর্ষণের পরে নদীতে ফেলে দেওয়ার কোনো ঘটনার নয়৷ প্রকৃতপক্ষে, গত মে মাসে খালে গোসল করতে গিয়ে ডুবতে যাওয়া কিশোরীকে উদ্ধারের ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এতে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘ডিবিসি নিউজ’ এর ইউটিউব চ্যানেলে গত ২৫ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। ঘটনার বিষয়ে ভিডিওর শিরোনামে বলা হয়েছে, ‘কিশোরগঞ্জে ডুবন্ত কিশোরীর প্রাণ বাঁচালেন যুবক’।

এছাড়াও, অনুসন্ধানে মূলধারার আরেক গণমাধ্যম ‘এনটিভি’র ইউটিউব চ্যানেলে গত ২৬ মে তারিখে এ বিষয়ে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, খালের নতুন পানিতে গোসল করতে নেমে কিশোরী আয়েশা ডুবে যাচ্ছিলেন, তখন স্থানীয় যুবক রবিউল আউয়াল কিশোরীকে খাল থেকে উদ্ধার করেন।

পাশাপাশি, কিশোরীকে উদ্ধারের উক্ত ঘটনার ভিডিও আরো একাধিক গণমাধ্যমেও প্রচার হতে দেখা যায়। তবে কোথাও ভিডিওটি কিশোরগঞ্জে তরুণীকে ধর্ষণের পরে নদীতে ফেলে দেওয়ার আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, গত মে মাসে গোসল করতে গিয়ে ডুবতে যাওয়া কিশোরীকে উদ্ধারের দৃশ্যকে কিশোরগঞ্জে তরুণীকে ধর্ষণের পরে নদীতে ফেলে দেওয়া হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: