সম্প্রতি, চীনা পরিচয়ে প্রেমের পর কিশোরগঞ্জে বিয়ে করতে গিয়ে এক আদিবাসী যুবক আটক হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন ব্যক্তির ছবি প্রচার করা হয়েছে। পোস্টগুলোতে দাবি করা হয়, প্রচারিত ছবিগুলো আটক ওই যুবকের। তিনি নিজেকে উ মিং পিং বলে পরিচয় দিলেও তার আসল নাম রামেল বলেও পোস্টগুলোতে দাবি করা হয়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
থ্রেডে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কিশোরগঞ্জে চীনা পরিচয়ে প্রেমের পর বিয়ে করতে গিয়ে আদিবাসী যুবক আটক হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, বিনামূল্যে স্টক ছবি ও ভিডিও সরবরাহকারী প্লাটফর্ম ‘পেক্সেলস’-এ প্রায় চার বছর আগে থেকে বিদ্যমান একজন মডেলের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো সূত্রে কিশোরগঞ্জে চীনা পরিচয়ে প্রেমের পর বিয়ে করতে গিয়ে আদিবাসী যুবক আটক হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বিনামূল্যে উচ্চ-মানের স্টক ছবি ও ভিডিও সরবরাহকারী প্লাটফর্ম ‘পেক্সেলস’-এর ওয়েবসাইটে একই ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ২০২১ সালের ৩০ মার্চ উক্ত ওয়েবসাইটে প্রচার করা হয়।

ওয়েবসাইটটি পর্যালোচনায় দেখা যায়, উক্ত ছবিটি Shotpot নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়। পরবর্তীতে Shotpot নামের অ্যাকাউন্টটি পর্যালোচনা করে একই ব্যক্তির একই পোশাকে একাধিক ছবি পাওয়া যায়। এছাড়াও ভিন্ন ভিন্ন পোশাকে এক নারী ও শিশুর সাথে একই ব্যক্তির অসংখ্য ছবি ও ভিডিও দেখতে পাওয়া যায়। এ থেকে ধারণা করা যাচ্ছে, উক্ত ব্যক্তি তার পরিবারের সাথে ছবি তুলে সেগুলো স্টক ছবি ও ভিডিও হিসেবে ওয়েবসাইটটিতে আপলোড করেন।
তবে অ্যাকাউন্টটির কোথাও ওই ব্যক্তি বা ছবিতে দেখতে পাওয়া বাকিদের পরিচয় উল্লেখ করা হয়নি। তাই তাদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
সুতরাং, ইন্টারনেটে বিদ্যমান মডেলের ছবিকে কিশোরগঞ্জে চীনা পরিচয়ে প্রেমের পর বিয়ে করতে গিয়ে আদিবাসী যুবক আটক দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Pexels Website: Close-Up Photograph of a Man’s Face
- Pexels ShotPot
- Rumor Scanner’s Analysis


