১৯০১ সালের লক্ষ্মীপুর দালাল বাজারের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো এআই দিয়ে তৈরি

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে অবস্থিত দালাল বাজার জমিদার বাড়ি স্থানীয় ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে যে সেগুলো লক্ষ্মীপুরের দালাল বাজারের পুরোনো দৃশ্য, এবং ছবিগুলোর সাল হিসেবে ১৯০১ খ্রিস্টাব্দ উল্লেখ করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটিকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো লক্ষ্মীপুরের দালাল বাজারের কোনো ঐতিহাসিক চিত্র নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিগুলো তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, প্রচারিত দুটি ছবির সত্যতা যাচাইয়ের জন্য গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি SynthID ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে এআই-নির্মিত ছবি, ভিডিও বা অডিওতে একটি অদৃশ্য জলছাপ সংযুক্ত করা থাকে, যা সাধারণভাবে চোখে দেখা না গেলেও নির্দিষ্ট টুলের মাধ্যমে শনাক্ত করা সম্ভব।

উক্ত ছবিগুলো সিন্থআইডি প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ করে দেখা যায়, সেগুলো গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এছাড়াও, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আলোচিত ছবিগুলোর কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত উৎসে উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, লক্ষ্মীপুরের দালাল বাজারের পুরোনো ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

  • SynthID
  • Rumor Scanner’s Analysis 
Share: