লালমাইয়ে ছাত্র ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার দাবিতে বার্তা বাজারের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘লালমাইয়ে ঘুমন্ত ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগ: মাদরাসা শিক্ষক জামায়াত নেতা গ্রেফতার’ অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘লালমাইয়ে ঘুমন্ত ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগ: মাদরাসা শিক্ষক জামায়াত নেতা গ্রেফতার’ শীর্ষক শিরোনামে বার্তা বাজার কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ভিন্ন শিরোনামে প্রচারিত বার্তা বাজারের একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২৩ ডিসেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে বার্তা বাজারের ফেসবুক পেজে গত ২৩ ডিসেম্বর প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুজেঁ পাওয়া যায়নি। এছাড়া, বার্তা বাজারের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য খুজেঁ পাওয়া যায়নি।
তবে, গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ২৩ ডিসেম্বর ‘লালমাইয়ে ঘুমন্ত ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগ: মাদরাসা শিক্ষক গ্রেফতার’ শিরোনামের প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সঙ্গে এর সাদৃশ্য রয়েছে। তবে শিরোনামে পার্থক্য রয়েছে। মূল ফটোকার্ডে ‘লালমাইয়ে ঘুমন্ত ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগ: মাদরাসা শিক্ষক গ্রেফতা’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে লেখা রয়েছে ‘লালমাইয়ে ঘুমন্ত ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগ: মাদরাসা শিক্ষক জামায়াত নেতা গ্রেফতার’।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বার্তা বাজারের মূল ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, মূল ফটোকার্ড সংবলিত পোস্টের কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারের ‘বাগমারা দারুত তাহযীব মাদরাসা’র এক আবাসিক ছাত্রকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগে হোসাইন আহমেদ (২২) নামে এক শিক্ষককে গত ১৭ ডিসেম্বর রাতে গ্রেফতার করেছে পুলিশ।
পরবর্তীতে, গ্রেফতার হওয়া হোসাইন আহমেদ জামায়াতে ইসলামীর সাথে যুক্ত কি না এবিষয়টি অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
পাশাপাশি, বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কুমিল্লা জেলার লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এমন কোনো তথ্য আমরা পাইনি। অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।
সুতরাং, ‘লালমাইয়ে ঘুমন্ত ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগ: মাদরাসা শিক্ষক জামায়াত নেতা গ্রেফতার’ শীর্ষক শিরোনামে বার্তা বাজারের ফটোকার্ডটি সম্পাদিত এবং আলোচিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Barta Bazar- Facebook Page
- Barta Bazar- Website
- Barta Bazar- Youtube Channel
- Barta Bazar- Facebook Post
- Barta Bazar- লালমাইয়ে ঘুমন্ত ছাত্রকে ধর্ষণ চেষ্টার অভিযোগ: মাদরাসা শিক্ষক গ্রেফতা
- OC- Statement

