ফিলিস্তিনের পতাকা হাতে লামিন ইয়ামালের সেমিফাইনাল জয় উদযাপনের ভিডিওটি এআই-নির্মিত

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ এর সেমি ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয় লাভের মাধ্যমে ফাইনালে পৌঁছেছে স্পেন। ম্যাচটিতে জয় লাভের পর স্পেনের ফুটবলার লামিন ইয়ামাল ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে উদযাপন করেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১৩ লক্ষ বার দেখা হয়েছে, এটিতে প্রায় ১ লক্ষ ৪০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ৮ হাজার বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচার হওয়া ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত একটি ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, দৃশ্যপটে ১৯, ১৫, ২৪ নাম্বার জার্সি পরিহিত একাধিক ব্যক্তিকে এবং একই চেহারার একাধিক ব্যক্তিকে দেখা যায়। এছাড়া, ১৯ নাম্বার জার্সি পরিহিত লামিন ইয়ামালের জার্সির পেছনে তার নামের স্থলে ‘RRHENY’ লেখা লক্ষ্য করা যায়। এ ধরনের দৃশ্যগত অসামঞ্জস্য সাধারণত এআই-নির্মিত ভিডিওর বৈশিষ্ট্য।
উক্ত ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Detect’ এর মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮.২ শতাংশ।

সুতরাং, ফিলিস্তিনের পতাকা হাতে লামিন ইয়ামালের বিশ্বকাপের সেমি ফাইনালে জয় উদযাপনের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- Hive Detect – Website

