চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে মন্তব্য করেননি আইনমন্ত্রী

সম্প্রতি, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বাংলাদেশ টাইমসের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান চাঁ/দা/বা/জি/র পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে না’ শীর্ষক মন্তব্য করেননি এবং উক্ত দাবিতে বাংলাদেশ টাইমসও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বাংলাদেশ টাইমসের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে বাংলাদেশ টাইমসের লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘১৭ মার্চ, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গত ১৭ মার্চ কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে গত ১৭ মার্চ ‘চাঁ/দা/বা/জি/র পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে- আইনমন্ত্রী’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বাংলাদেশ টাইমস এর মূল ফটোকার্ডটিতে ‘চাঁ/দা/বা/জি/র পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে- আইনমন্ত্রী’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘চাঁ/দা/বা/জি/র পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে না- আইনমন্ত্রী’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, বাংলাদেশ টাইমসের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত বাংলাদেশ টাইমসের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘১৬ মার্চ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা চাঁদপুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের চয়নিকা বিলের খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভুল করে কেউ টেন্ডারবাজি চাঁদাবাজির পথে পা বাড়ান, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না। বিএনপি করলেও রক্ষা পাবেন না। আপনারা এক দুইজন চাঁদাবাজি করবেন,আর তার দায় বিএনপি ও প্রধানমন্ত্রীর ঘাড়ে এসে পড়বে, তা হতে দেওয়া হবে না।’

সুতরাং, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে উদ্ধৃত করে বাংলাদেশ টাইমসের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: