সংসদ নির্বাচন-গণভোট: লাইভ আপডেট ১০ ফেব্রুয়ারি

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে নির্বাচন কেন্দ্রিক নানা অপতথ্য। এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তাৎক্ষণিকভাবে তুলে ধরতে রিউমর স্ক্যানারের এই লাইভ আপডেট।

কুইক লিংকনির্বাচন বিষয়ক সকল ফ্যাক্টচেকগণভোট বিষয়ক সকল ফ্যাক্টচেক


যাচাই : রাত ০৯ টা ১ মিনিট

দাবি: ৮৪ আসনে ভোট স্থগিত, জঙ্গি হামলার আশঙ্কা! গোয়েন্দা রিপোর্টে নির্বাচনের ভয়াবহ চিত্র


ফ্যাক্ট: দাবিটি প্রথমে ছড়াচ্ছিল এই ক্যাপশনে,  “৮৪ আসনে ভোট স্থগিত ও জঙ্গি হামলার শঙ্কা ! গোয়েন্দা রিপোর্টে নির্বাচনের ভয়ঙ্কর চিত্র !” এরপর একটি কমা ব্যবহারের কারণে বাক্যের মিনিং বদলে গেছে। এখন ছড়াচ্ছ, “৮৪ আসনে ভোট স্থগিত, জঙ্গি হামলার আশঙ্কা! গোয়েন্দা রিপোর্টে নির্বাচনের ভয়াবহ চিত্র” — এভাবে। আদতে ভোট স্থগিতের কোনো ঘোষণা আসেনি৷ মূলত, আজ ‘আজকের পত্রিকা’র এক প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে ২৯৯ আসনের (শেরপুর-৩ স্থগিত প্রার্থীর মৃত্যুজনিত কারণে) মধ্যে অন্তত ৮৪টিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এ কারণে এসব আসনে ১২ ফেব্রুয়ারি ভোটের দিনে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা রয়েছে। পুলিশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই তথ্যকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।


যাচাই : সন্ধ্যা ০৬ টা ২৫ মিনিট

দাবি: সাহস থাকলে অনলাইনে নির্বাচন আয়োজন করে দেখাক-তারপরই বোঝা যাবে, জামাতকে হারানোর মতো কেউ আদৌ আছে কি না: মোনামী ম্যাম। (টিকটকে এ সংক্রান্ত একটি ফটোকার্ড দেখা হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশি বার।)

ফ্যাক্ট: ফটোকার্ডটি ভুয়া৷ ঢাবির এই শিক্ষক এমন কোনো মন্তব্য করেননি।


যাচাই : সন্ধ্যা ০৬ টা ১৮ মিনিট

দাবি: আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ কেমন হয় দেখলেন তো ১৭ মাসে তাই দয়া করে কেউ ভোট দিতে যাবেন না (সাকিব আল হাসান মাঠে এমন একটি প্ল্যাকার্ড ধরে রাখার দৃশ্য দাবিতে টিকটকে এ সংক্রান্ত একটি পোস্ট দেখা হয়েছে প্রায় আড়াই হাজারের বেশি বার।)

ফ্যাক্ট: ছবিটি এআই দিয়ে তৈরি। সাকিব জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জার্সি পড়ে জাতীয় দলের হয়ে খেলেননি। ফলে তার এমন ছবি থাকা অবান্তর। তাছাড়া, তাকে এমন কোনো আহ্বান জানাতেও দেখা যায়নি।


যাচাই ৩ : সকাল ১০ টা ২১ মিনিট

দাবি: রাজধানীর পূর্বাচলে অবস্থিত ৩০০ ফিট সড়কে ‘নৌকা নাই ভোটও নাই’ লেখা গ্রাফিতি আঁকা হয়েছে দাবিতে একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। (ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টে প্রায় চৌদ্দশ’ রিয়্যাক্ট দেখা গেছে।)

ফ্যাক্ট: আলোচিত ছবিটি সম্পাদিত। ২০২৩ সালে ‘steemit’ প্ল্যাটফর্মে প্রকাশিত এক ব্যক্তির ব্লগে থাকা একটি ছবি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে ছবিটি তৈরি করা হয়েছে।


যাচাই ২ : সকাল ০৯ টা ৩৮ মিনিট

দাবি: সারাদেশে জামায়াতে ইসলামীর গণমিছিলের ভিডিও। (টিকটকে এ সংক্রান্ত একটি ভিডিও দেখা হয়েছে প্রায় ১ লক্ষ ৯৩ হাজারের বেশি বার।)

ফ্যাক্ট: ভিডিওটি এআই দিয়ে তৈরি। Sky Man নামের যে টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রচার হচ্ছে তা থেকে নিয়মিত এমন কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। এসব কনটেন্টকে বাস্তব ধরে নিয়ে কমেন্ট বিশ্লেষণে নেটিজেনদের স্পষ্ট বিভ্রান্তিতে পড়তে দেখা গেছে।


যাচাই ১ : সকাল ০৯ টা ৩০ মিনিট

দাবি: নির্বাচনের দিন ও আগের দিন ইন্টারনেট বন্ধ থাকবে। (টিকটকে এ সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদনের ভিডিও দেখা হয়েছে প্রায় ১২ লক্ষাধিক বার।)

ফ্যাক্ট: দাবিটি ভুয়া। নির্বাচনকালীন সময়ে ইন্টারনেট বন্ধ থাকার কোনো ঘোষণা আসেনি। এ সংক্রান্ত যে ভিডিও প্রতিবেদন প্রচার হচ্ছে তা ২০২৩ সালের।

Share: