১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে নির্বাচন কেন্দ্রিক নানা অপতথ্য। এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তাৎক্ষণিকভাবে তুলে ধরতে রিউমর স্ক্যানারের এই লাইভ আপডেট।
কুইক লিংকনির্বাচন বিষয়ক সকল ফ্যাক্টচেকগণভোট বিষয়ক সকল ফ্যাক্টচেক

যাচাই ৩৪ : রাত ১১ টা ৪০ মিনিট
দাবি: “কর্নেল অলির বাসায় তল্লাশি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও লাঠি উদ্ধার” দাবিতে যমুনা টিভির একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: এমন কোনো ফটোকার্ড যমুনা টিভি প্রকাশ করেনি এমনকি এমন কোনো ঘটনাও করেছি। এছাড়া, উক্ত দাবিতে যে ছবিটি প্রচার করা হচ্ছে সেটি ২০২৪ সালের আগস্ট মাসে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে উদ্ধার করা অস্ত্রের।

যাচাই ৩৩ : রাত ১১ টা ২১ মিনিট
দাবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে নিহত সকল পুলিশ এবং আওয়ামী লীগ কর্মী হত্যার ঘটনাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে। দোষীদের দল-মত নির্বিশেষে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: অনুসন্ধানে জানা যায়, এমন কোনো মন্তব্য তারেক রহমান করেননি বরং, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

যাচাই ৩২ : রাত ১১ টা ১০ মিনিট
দাবি: নির্বাচন ইস্যুতে যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যার দাবি।
ফ্যাক্ট: দাবিটি বিভ্রান্তিকর। গত ৩ জানুয়ারি যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে মাথায় গুলি করে হত্যা করা হয়। প্রচারিত ভিডিও সেই সময়ের। এটিকে বর্তমানে নির্বাচন ইস্যুর সাথে জড়িয়ে প্রচার করা হচ্ছে।

যাচাই ৩১ : রাত ১০টা ৫০ মিনিট
দাবি: দৈনিক যুগান্তরের লোগো সংবলিত একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে, ‘ঠাকুরগাঁওয়ের জামায়াতের আমিরকে অবৈধভাবে কাস্টমসের অনাপত্তিপত্র দেওয়ার কারণে গ্রুপ ক্যাপ্টেন এস. এম. রাগীব সামাদ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।’
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। যুগান্তর এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং প্রচারিত ফটোকার্ডটির ফন্ট ও ডিজাইন যুগান্তরের প্রচলিত ফটোকার্ডের সঙ্গে মিল নেই। এছাড়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের গ্রেপ্তারের কোনো তথ্যও পাওয়া যায়নি। আইএসপিআর কর্তৃপক্ষ রিউমর স্ক্যানারকে জানিয়েছে যে সেনাবাহিনীকে জড়িয়ে প্রচারিত তথ্যটি ভুয়া।

যাচাই ৩০ : রাত ১০ টা ৪৫ মিনিট
দাবি: রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত করেছেন।
ফ্যাক্ট: প্রকৃতপক্ষে, ফ্রি ডোমেইন হোস্টিং ওয়েবসাইটে কোনো সূত্র উল্লেখ না করেই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া, রাষ্ট্রপতি নিজেও গত ০৯ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

যাচাই ২৯ : রাত ১০ টা ৩৩ মিনিট
দাবি: কর ফাঁকির অভিযোগে টাঙ্গাইল-১ আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
ফ্যাক্ট: ফকির মাহবুব আনাম স্বপনকে গ্রেফতার করা হয়নি। টাঙ্গাইলের ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুস সালাম সিদ্দিক এবং মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা, বিষয়টিকে গুজব বলে নিশ্চিত করেছেন।

যাচাই ২৮ : রাত ৯ টা ১১ মিনিট
দাবি: নির্বাচনের প্রাক্কালে সেনাবাহিনীকে দেখে জনতার ‘ভুয়া ভুয়া’ স্লোগানের দৃশ্য (১,২)।
ফ্যাক্ট: প্রচারিত ভিডিও দু’টি সাম্প্রতিক সময়ের নয়। ২০২৫ সালের ২২ জুলাই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও থেকে দুইটি খণ্ডিত অংশ আলাদাভাবে কেটে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

যাচাই ২৭ : রাত ৭ টা ৫৫ মিনিট
দাবি: টাকা বিতরণে পিছিয়ে নেই রেজাউল করিমও। তিনি আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে এব গোপনে অর্থ বিতরণ করছেন। অথচ নির্লজ্জের মতো সংবাদ সম্মেলনে তিনি বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে গেছেন।
ফ্যাক্ট: গত বছরের এপ্রিলের ভিডিও।

যাচাই ২৬ : সন্ধ্যা ৭টা ৩৩ মিনিট
দাবি: কুমিল্লায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কেন্দ্র ভাঙচুরের ভিডিও।
ফ্যাক্ট: ভিডিওটি ২০২১ সালের।

যাচাই ২৫ : সন্ধ্যা ৭ টা ২৩ মিনিট
দাবি: নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সমর্থনে সাম্প্রতিক বিক্ষোভ মিছিল
ফ্যাক্ট: ভিডিওটি সাম্প্রতিক কোনো বিক্ষোভ মিছিলের নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত এই ভিডিওটি ২০২৪ সালে দেশব্যাপী চলা আন্দোলনের সময় গোপালগঞ্জে আওয়ামী লীগের সমর্থনে হওয়া বিক্ষোভ মিছিলের।

যাচাই ২৪ : সন্ধ্যা ৭ টা ৬ মিনিট
দাবি: ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের।
ফ্যাক্ট: অনুসন্ধানে ভিডিও ২০২০ সালের ১৯ অক্টোবর থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

যাচাই ২৩ : বিকেল ৫ টা ১৫ মিনিট
দাবি: বাংলাদেশের সাম্প্রতিক সংঘর্ষের ভিডিও
ফ্যাক্ট: ভিডিওটি মূলত ভারতের হরিয়ানা রাজ্যের কারনাল শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যকার মারামারির ভিডিও।

যাচাই ২২: বিকেল ৫ টা ১১ মিনিট
দাবি: মূলধারার গণমাধ্যম আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ডের মাধ্যমে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকারের বরাতে দাবি করা হচ্ছে, আগামীকাল (১২ ফেব্রুয়ারি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। আরটিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং ইসি আনোয়ারুলও এমন কোনো তথ্য জানাননি। প্রকৃতপক্ষে, আরটিভিতে প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া দাবি প্রচার করা হচ্ছে।

যাচাই ২১ : বিকেল ০৪টা ৪৫ মিনিট
দাবি: যমুনা টেলিভিশনের প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি করা একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, ভোটের আগের দিন হটাৎ ভারতীয় প্রতিনিধিদের সাথে সোনারগাঁও হোটেলে জামায়াত নেতা তাহেরের বৈঠক হয়েছে।
ফ্যাক্ট: উক্ত দাবিতে যমুনা টেলিভিশন কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানেও দেশিয় মূলধারার সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে জামায়াত নেতা তাহেরের সাথে ভারতীয় প্রতিনিধিদের বৈঠকের বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

যাচাই ২০ : বিকেল ৪ টা ৩০ মিনিট
দাবি: মূলধারার গণমাধ্যম আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসকে তারেক রহমান বলেছেন, ‘আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ থেকে বঞ্চিত রাখা গণতন্ত্রের জন্য একটি খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ভবিষ্যতে আমাদেরকেও একইভাবে ভোটের বাইরে রাখা হবে না-এর নিশ্চয়তা কী?’।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। আরটিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং তারেক রহমানও এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারের বিষয়ে আরটিভিতে প্রকাশিত একটি ফটোকার্ড সম্পাদনা করে তারেক রহমানের নামে আলোচিত মন্তব্যটি প্রচার করা হচ্ছে।

যাচাই ১৯: বিকেল ৪ টা ১৯ মিনিট
দাবি: নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের ভিডিও।
ফ্যাক্ট: দাবিটি মিথ্যা৷ ২০২৪ সালের দেশব্যাপী চলমান আন্দোলনের সময় রাজধানীর উত্তরা এলাকায় ধারণ করা ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

যাচাই ১৮ : বিকেল ০৪টা ০৭ মিনিট
দাবি: জামায়াতের নারী কর্মী আটক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্ট: প্রকৃতপক্ষে এটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নারী মোবাইল চোরকে আটক করে গণধোলাইয়ের দৃশ্য।

যাচাই ১৭ : বিকেল ০৩ টা ১৬ মিনিট
দাবি: বাসে অগ্নিকাণ্ডের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি মিরপুর-১১ তে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার।
ফ্যাক্ট: এটি গত বছরের ১৩ নভেম্বর পল্লবীর সাগুপ্তায় বাসে আগুন দেওয়ার ভিডিও।

যাচাই ১৬ : বিকেল ০৩ টা ১২ মিনিট
দাবি: ‘বাংলাদেশের মানুষের হাতে আবার সুযোগ এসেছে দুই পরিবারের গোলামী থেকে মুক্তি লাভের।’ শীর্ষক মন্তব্যটি সাবেক উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ করেছেন দাবিতে যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: তবে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

যাচাই ১৫ : দুপুর ২ টা ৪ মিনিট
দাবি: মূলধারার গণমাধ্যম আমার দেশের লোগো সংবলিত একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বলেছেন, ‘আপনারা এমন কাউকে ভোেট দিবেন না যারা ক্ষমতাই এলে আওয়ামীলীগ এর সাথে মিলে জুলাই আন্দোলনে ছাত্রদের ফাঁসিতে জুলাবে। ভারতের সাথে মিলে দেশটাকে আবারও গোলাম বানিয়ে রাখবে’।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি, প্রধান উপদেষ্টাও এমন কোনো মন্তব্য করেননি। গণমাধ্যমটির একটি ফটোকার্ড সম্পাদনা করে প্রধান উপদেষ্টার নামে এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

যাচাই ১৪ : দুপুর ১ টা ২৪ মিনিট
দাবি: বাসে অগ্নিকাণ্ডের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি ভোররাতে যশোরের সীমাখালী বাজার এলাকায় দুর্বৃত্তদের বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য। (ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টে প্রায় ১৬ হাজার ভিউ এসেছে)
ফ্যাক্ট: দাবিটির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওটি গত বছরের ১০ নভেম্বরের। সেদিন রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন লাগে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

যাচাই ১৩ : দুপুর ১ টা
দাবি: “নির্বাচনে জামায়াত সরকার গঠন করলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। কিন্তু যারা অতীতে দুর্নীতি করে বিদেশ টাকা পাচার করেছিল তারা কখনও আওয়ামীলীগ এর পাচার হওয়ার টাকা ফেরত আনার কথা চিন্তা করবে না” শীর্ষক মন্তব্যটি অর্থ উপদেষ্টা করেছেন দাবিতে কালের কণ্ঠে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: কালের কণ্ঠ এমন ফটোকার্ড করেনি। ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে প্রচার করা হচ্ছে।

যাচাই ১২ : দুপুর ১২ টা ২৮ মিনিট
দাবি: গোপালগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী শিপনকে গু/.লি!
ফ্যাক্ট: গত ০৬ ফেব্রুয়ারি তার উপর হামলা করা হলেও তিনি গুলিবিদ্ধ হননি বলে সিপন ভুইঁয়া নিজেই রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।

যাচাই ১১ : দুপুর ১২ টা ২৩ মিনিট
দাবি: কুমিল্লা-১ আসনে বিএনপির একনিষ্ঠ এক নারী কর্মীর ওপর জামাত-শিবিরের সন্ত্রাসীদের নৃশংস হামলা। নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার কারণে তাঁর ওপর রড দিয়ে হামলা চালিয়ে পায়ের হাঁটু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একজন নারী কর্মীর ওপর এমন কাপুরুষোচিত হামলা রাজনৈতিক প্রতিহিংসার চরম বহিঃপ্রকাশ।
ফ্যাক্ট: রাজশাহীতে ছিনতাইকারীর আক্রমণে আহত নারীর ছবিকে কুমিল্লার একনিষ্ঠ বিএনপি কর্মীর ওপর জামায়াত-শিবিরের হামলার দাবিতে প্রচার করা হচ্ছে।

যাচাই ১০ : সকাল ১১ টা ৪৫ মিনিট
দাবি: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে দাবি করা হচ্ছে তিনি বলেছেন, ‘আপনারা যুদি বিএনপিকেই ভোট দিয়ে ক্ষমতাই আনবেন তাহলে আওয়ামীলীগ কে তাড়িয়েছিলেন কেন দুই দলই তো দুর্নীতিবাজ স্বৈরাচার দেশটাকে পারিবারিক সম্পত্তি মনে করে আর জনগণকে তাদের গোলাম। বিএনপি ক্ষমতাই আসলে জুলাই আন্দোলনে ছাত্রদের জীবন শেষ করে দিবে। ছাত্রদের জীবন রক্ষা করতে দুইদলকে বয়কট করুণ’।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। তিনি এমন কোনো মন্তব্য করেননি। সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডেল্টা লেন্সের একটি ফটোকার্ড সম্পাদনা করে প্রধান উপদেষ্টার নামে এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

যাচাই ৯ : সকাল ১১ টা ৩৩ মিনিট
দাবি: গুলিবিদ্ধ হয়েছেন পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা উপজেলা) আসনের প্রার্থী নুরুল হক নুর
ফ্যাক্ট: দাবিটি ভুয়া৷ গুলিবিদ্ধ নন বরং, তিনি বাসাতেই আছেন বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে।

যাচাই ৮ : সকাল ১১ টা ৩০ মিনিট
দাবি: বাংলাদেশের আমিরের সিদ্ধান্ত অনুযায়ী ১২-২-২৬ তারিখের নির্বাচনে বিএনপি কে সমর্থন দিয়ে দিয়েছে।
ফ্যাক্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ রেজাউল করিমের পক্ষ থেকে নির্বাচনে বিএনপিকে সমর্থনের বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

যাচাই ৭ : সকাল ১১ টা ৩০ মিনিট
দাবি: সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবরকে উদ্ধৃত করে দাবি করা হচ্ছে তিনি বলেছেন, আওয়ামী লীগ যাওয়ার পর তাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিএনপি।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। বিশ্বস্ত কোনো সূত্রে তার এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। বরং, গত ৮ ফেব্রুয়ারি দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বিএনপি তথা ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন

যাচাই ৬ : সকাল ১০ টা ৩৬ মিনিট
দাবি: ইলেকশনের আগের রাতে হটাৎ প্রধান উপদেষ্টার সাথে গোপনে সাক্ষাৎ শফিকুর রহমানের
ফ্যাক্ট: ফটোকার্ডটি ভুয়া। যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এমন সাক্ষাতের খবর নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

যাচাই ৫ : সকাল ১০ টা ১৯ মিনিট
দাবি: গভীর রাতে নারী সেজে,কালো টাকায় ভোট কিনতে গিয়ে জামাতের বিচি ওয়ালা ছাত্রী সংস্থার কর্মী আটক!
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। ২০২৫ সালের ২৩ জুলাই রাতে টেকনাফের হ্নীলার শালবাগান পুলিশ তল্লাশি চৌকিতে তল্লাশি কার্যক্রমের সময় এই যুবককে বোরকা পরিহিত অবস্থায় আটক করা হয়। আটক এই যুবক একজন রোহিঙ্গা শরনার্থী। সে সময় ভিন্ন দাবির প্রেক্ষিতে প্রকাশিত রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক দেখুন।

যাচাই ৪ : সকাল ১০ টা ০২ মিনিট
দাবি: গত রাতে (১০ ফেব্রুয়ারি) বিএনপি-জামায়াতের সংঘর্ষে ঢাকায় বাসে আগুন লাগার দৃশ্য।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। প্রচারিত ভিডিওটি গত বছরের ১৫ নভেম্বরের। সেদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানার হারিকেন এলাকায় একটি বাসে আগুন লাগে। পুলিশ জানায়, বাসটি গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায় এবং প্রায় ৮০ শতাংশ বাস পুড়ে যায়।

যাচাই ৩ : সকাল ০৯ টা ৩৮ মিনিট
দাবি: হাসনাত আবদুল্লাহর জন্য ভোট চাইলেন শাকিব খান। (এই দাবির টিকটকের একটি ভিডিও দেখা হয়েছে প্রায় ২৭ হাজার বার।)
ফ্যাক্ট: ভিডিওটি ডিপফেক। শাকিব খান হাসনাতের জন্য ভোট চাননি। শাকিবের ২০১৯ সালের একটি ছবি ব্যবহার করে এই ডিপফেক ভিডিও বানানো হয়েছে।

যাচাই ২: সকাল ০৯ টা ২৫ মিনিট
দাবি: ১৮ মাসে ১ কোটি ১২ লাখ টাকার পাটের তৈরি কনডমে লোকসান : রিজওয়ানা (ফেসবুকে গত রাতে এ সংক্রান্ত ডিবিসি নিউজের একটি ফটোকার্ড ছড়ায়।)
ফ্যাক্ট: ফটোকার্ডটি সম্পাদিত। মূল ফটোকার্ডে লেখা ছিল, ‘১ কোটি ১২ লাখ টাকার সম্পদ কমেছে রিজওয়ানা হাসানের।’ এই বাক্য বদলে দিয়ে এবং উপদেষ্টা রিজওয়ানা হাসানের ছবিটি এআই দিয়ে সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি বানানো হয়েছে।

যাচাই ১ : সকাল ০৯ টা ১২ মিনিট
দাবি: কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের হুমকি দেওয়া দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার পর গ্রেফতার করা হয়েছে।
ফ্যাক্ট: মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেফতার হননি বরং, তিনি বাসায় আছেন বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে রেজওয়ান আহসান মুন্সী। এছাড়া, দাবিটি ভুয়া বলে নিশ্চিত করেছেন দেবিদ্বারের স্থানীয় সাংবাদিক এবং দেবিদ্বার থানার ওসিও।



