নির্বাচন উপলক্ষে সরকার লকডাউন ঘোষণা করেনি 

সম্প্রতি, নির্বাচনের জন্য সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা দাবিতে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

১ম দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

২য় দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

৩য় দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকার নির্বাচনের জন্য লকডাউন ঘোষণা করেনি। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে।

ভিডিও যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে ৭ ফেব্রুয়ারি ‘মধ্যরাতের খবর | Moddho Rater Khobor | 7 February 2026 | NTV Latest News Update’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ মিনিট ১৬ সেকেন্ড অংশ থেকে ১ মিনিট ৩৩ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে। তবে অডিও অংশের মিল খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, উক্ত ২৮ মিনিটের ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। উক্ত ভিডিওর কোথাও নির্বাচনের জন্য লকডাউন ঘোষণার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

ভিডিও যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৪ এপ্রিল ‘কি বন্ধ থাকবে আর কি খোলা থাকবে?’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৫৭ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে সমকালের ওয়েবসাইটে ২০২১ সালের ৩ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ৫ এপ্রিল (২০২১) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বরাতে বলা হয়, লকডাউনে জরুরি সেবার প্রতিষ্ঠান, ওষুধ ও খাবারের দোকানের পাশাপাশি পোশাক এবং অন্যান্য শিল্প কারখানা খোলা থাকবে।

সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (, ) প্রকাশ করে।

ভিডিও যাচাই ৩

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে ৭ ফেব্রুয়ারি ‘দুপুরের খবর | Dupurer Khobor | 07 February 2026 | NTV Latest News Update’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৪১ সেকেন্ড অংশ থেকে ৪৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে। তবে অডিও অংশের মিল খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, উক্ত ১৮ মিনিটের ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। উক্ত ভিডিওর কোথাও লকডাউন ঘোষণার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, সারাদেশে লকডাউন ঘোষণা করার বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। নির্বাচনের জন্য লকডাউন ঘোষণা করা হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা। নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও পরের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিকে, নির্বাচনের পরের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং এর পরের দিন ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি। নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সুতরাং, নির্বাচনের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করার দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: