সালাহউদ্দিন আহমদকে সরিয়ে বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী করার দাবিটি মিথ্যা

সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার স্থলে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি এবং লুৎফুজ্জামান বাবরকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যালোচনা করে দেখা যায়, পোস্টটি গত জুন মাসের ২৪ তারিখে করা হয়। কিন্তু অনুসন্ধানে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে সাম্প্রতিক সময়ে সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার তথ্য পাওয়া যায়নি। বরং, সাম্প্রতিক সময়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল ২০২৬’ উত্থাপন করতে দেখা যায়। এছাড়াও তাকে একই পরিচয়ে একাধিকবার গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে দেখা যায়।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং গণমাধ্যম পর্যালোচনা করেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য পাওয়া যায়নি। বরং, মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উল্লেখ পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছিল।

সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সালাহউদ্দিন আহমদকে সরিয়ে লুৎফুজ্জামান বাবরকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: