‘আওয়ামী লীগকে কোনো তামাশা ভাববেন না’ শীর্ষক মন্তব্য করেননি সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগকে কোনো তামাশা ভাববেন না, এর থেকেও খারাপ সময় পেরিয়ে শক্তভাবে ফিরেছে আওয়ামী লীগ।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আওয়ামী লীগকে কোনো তামাশা ভাববেন না’ শীর্ষক মন্তব্য করেননি সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই এম সাখাওয়াত হোসেনের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এম সাখাওয়াত হোসেন এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যেত।

আলোচিত দাবির বিষয়ে সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন যে আলোচিত দাবি ভুয়া। তিনি এমন কোনো মন্তব্য করেননি।

আওয়ামী লীগের বিষয়ে সাম্প্রতিক সময়ে এম সাখাওয়াত হোসেনের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘স্টার নিউজ’ এর ফেসবুক পেজে গত ২২ মার্চে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে এম সাখাওয়াত হোসেনকে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো দলই একদম নিশ্চিহ্ন হয়ে যায় না, দেশে থাকা আওয়ামী লীগের সমর্থকরা দলের প্রতি অনুগত এবং তারা কোনো অবস্থাতেই নিজের দল সমর্থন করা বন্ধ করবে না। তবে তাতে সাখাওয়াত হোসেনকে আলোচিত মন্তব্য করতে দেখা যায়নি।

সুতরাং, ‘আওয়ামী লীগকে কোনো তামাশা ভাববেন না, এর থেকেও খারাপ সময় পেরিয়ে শক্তভাবে ফিরেছে আওয়ামী লীগ’ শীর্ষক মন্তব্য এম সাখাওয়াত হোসেন করেছেন বলে প্রচারিত দাবি মিথ্যা।

তথ্যসূত্র

Share: