গণভোটের ফলাফল বিরোধীতাকারীদের জাতীয় বেইমান বলে মন্তব্য করেননি এম সাখাওয়াত হোসেন 

সম্প্রতি ‘গণভোটের ফলাফল নিয়ে যারা বিরোধীতা করছে তারা জাতীয় বেইমান- এম সাখাওয়াত হোসেন’ শিরোনামে সাবেক নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গণভোটের ফলাফল নিয়ে যারা বিরোধীতা করছে তারা জাতীয় বেইমান’ এমন কোনো মন্তব্য করেননি ড. এম সাখাওয়াত হোসেন। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘atv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘আশার আলো’ নামক ফেসবুক পেজে গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘আশার আলো’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, আলোচিত মন্তব্যটির বিষয়ে অনুসন্ধানে একাধিক গণমাধ্যম (, , ) সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ঠাকুরগাঁও পৌর শহরে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় তৎকালীন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশের ভবিষ্যৎ গড়তে ও গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মালিক দেশের জনগণ। কোনো দল যদি ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে প্রচারণা করে থাকে, তাহলে বুঝতে হবে তারা রক্তের সঙ্গে বেইমানি করছে।

উক্ত তথ্যের আলোকে ধারণা করা হচ্ছে, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে প্রচারণা প্রসঙ্গে ড. এম সাখাওয়াত হোসেনের করা উক্ত বক্তব্যকে ভিত্তি করে আলোচিত ভুয়া বক্তব্যটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ড. এম সাখাওয়াত হোসেন ‘গণভোটের ফলাফল নিয়ে যারা বিরোধীতা করছে তারা জাতীয় বেইমান’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: