সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যুবকের ছবি যুক্ত করে দাবি প্রচার করা হয়েছে, ‘আজকে মাদারিপুরে সাড়ে তিন বছরের মুসলিম শিশুকে ধ”র্ষ”ণ করেছে হি”ন্দু চন্দন সরকার।’
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাদারীপুরে সম্প্রতি সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনায় ভুক্তভোগী মুসলিম শিশু নয়। প্রকৃতপক্ষে, ভুক্তভোগী হিন্দু শিশু এবং অভিযুক্ত তার দূর সম্পর্কের মামা।
এ বিষয়ে অনুসন্ধানে মাদারীপুর ভিত্তিক সংবাদমাধ্যম ‘মাদারীপুর টিভি’ এর ফেসবুক পেজে গত ২১ জুনে এ বিষয়ে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে অভিযুক্ত যুবক দাবিতে প্রচারিত যুবকের ছবিরও সংযুক্তি পাওয়া যায়। পোস্টে বলা হয়, ‘মাদারীপুরের রাজৈরে সাড়ে তিনবছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা মেয়েটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।..’
এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে নানা গণমাধ্যমেও এ বিষয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। এসব প্রতিবেদনে স্বজনদের বরাতে দাবি করা হয়, ‘গত ২০ জুন (শনিবার) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের পলাশ সরকারের ছেলে চন্দন সরকার মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি শিশুটির মা টের পেলে ঘরের দরজা খুলে পালিয়ে যায় চন্দন। পরে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়।’
তবে এসব প্রতিবেদনে ভুক্তভোগী মেয়ের ধর্মীয় পরিচয়ের কোনো উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে অধিকতর অনুসন্ধানে ‘Md Tipu’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত ঘটনার বিষয়ে কয়েকজনের বক্তব্যের ভিডিও পাওয়া যায়। ভিতিওতে ভুক্তভোগীর কাকী কামনা সরকারের বক্তব্যেরও সংযুক্তি পাওয়া যায়। এতে ভুক্তভোগী শিশুর নাম তনুশ্রী মজুমদার এবং শিশুর বাবার নাম তন্ময় মজুমদার বলা হয়। পাশাপাশি, ভিডিওর ক্যাপশনে আরো বলা হয়, ভুক্তভোগীর কাকী চৈতী মজুমদার অভিযুক্তের ফাঁসি দাবি করেন।
অর্থাৎ, ভুক্তভোগী ও ভুক্তভোগীর আত্মীয়ের নাম থেকে স্পষ্ট যে ভুক্তভোগী শিশু নিজেও একজন হিন্দু ধর্মাবলম্বী।
সুতরাং, মাদারীপুরে সাড়ে তিন বছরের মুসলিম শিশুকে ধর্ষণ করেছে হিন্দু চন্দন সরকার শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- মাদারীপুর টিভি – Facebook Post
- Jugantor – ঘরে ডেকে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
- Md Tipu – Facebook Post


