পশ্চিমবঙ্গে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিওকে বিজেপির জয়ের পর মুসলিমদের ওপর হামলার দাবিতে প্রচার

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যে সহিংসতার ঘটনা ঘটে। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, এটি পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর মুসলমানদের ওপর হিন্দুদের হামলার দৃশ্য।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে। 

একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: এক্স, ইন্সটাগ্রাম, ইউটিউব

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন বা সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি গত মার্চ মাসে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Tania Dam’ নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ৪ মার্চ প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। পোস্টটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, এটি মধ্যমগ্রাম স্টেশনের কাছে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য।

এছাড়া, ‘Madhyamgram আমার শহর’ নামের একটি ফেসবুক গ্রুপেও একই দিনের আরও কয়েকটি ভিডিও পাওয়া যায়, যেগুলোর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

পরবর্তীতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রাম রেলস্টেশনের কাছে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। দমকলের দুইটি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হয় ৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল; ফল প্রকাশ হয় ৪ মে। অর্থাৎ, আলোচিত ভিডিওটি নির্বাচন শুরুরও আগের ঘটনার।

সুতরাং, পুরোনো অগ্নিকাণ্ডের ভিডিওকে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর মুসলমানদের ওপর হিন্দুদের হামলার দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: