পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে মারধরের দৃশ্য দাবিতে মহারাষ্ট্রের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে মারধরের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে মারধরের নয় বরং, গত ০৫ জুন মহারাষ্ট্রের ওয়াশিমে রাস্তায় দুই গাড়ির সংঘর্ষের ঘটনায় দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও এটি।
অনুসন্ধানে All State News India নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ০৫ জুন প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টে বলা হয়েছে, মহারাষ্ট্রের ওয়াশিম জেলায় সড়কে একটি গাড়ির সাথে অন্য আরেকটি গাড়ির সামান্য ধাক্কাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছিলেন।
পরবর্তীতে উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম দ্যা প্রিন্টের ওয়েবসাইটে গত ০৫ জুন “वाशिम रोड रेज घटना : भीड़ के हमले में पांच लोग घायल, एक की हालत गंभीर” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৫ জুন মহারাষ্ট্রের ওয়াশিমে রাস্তায় সামান্য ঝগড়ার জেরে ১০ থেকে ১২ জনের একটি দল লোহার রড ও অন্যান্য অস্ত্র দিয়ে পাঁচজনকে আক্রমণ করলে তারা আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
অর্থাৎ, ভিডিওটি পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে মারধরের নয়।
সুতরাং, মহারাষ্ট্রের ওয়াশিমে গাড়ি ধাক্কা লাগায় দুই দলের মধ্যে সংঘর্ষের ভিডিওকে পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে মারধরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- All State News India- Instagram Post
- The Print- वाशिम रोड रेज घटना : भीड़ के हमले में पांच लोग घायल, एक की हालत गंभीर

