‘একটাই যায় স্যার, বাকিডি যায় না’ শীর্ষক ভিডিওটিকে পুলিশের ওপর আন্দোলনকারীদের হামলার ঘটনা বলে মাহবুব আজীজের অপব্যাখ্যা

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময়ে আন্দোলনকারীদের ওপর আগ্নেয়াস্ত্র হামলা চালানোর বিষয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন। সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইকবাল হোসাইন মোবাইলে একটি ভিডিও দেখিয়ে বলছেন, “গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।”

সম্প্রতি, একটি বেসরকারি চ্যানেলের টকশোতে সিনিয়র সংবাদিক ও কলামিস্ট মাহবুব আজীজ দাবি করেন, উক্ত ভিডিও ফুটেজটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের সময়ে আন্দোলনকারীরা পুলিশকে গুলি করার বিষয়ে। টকশোতে মাহবুব আজীজ বলেন, ‘একটি ভিডিও দেখলাম, জুলাইতে খুব প্রশংসিত হয়েছিলো। একটি গুলি করি, একজন মরে আর কেউ যায় না৷ আমি দেখলাম যে পরবর্তী ভিডিওগুলো এখন এসেছে৷ সেটা পুলিশ যে মারা গিয়েছিল, সেই পুলিশকে দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হচ্ছিলো৷ সেটা এখন মানুষের ওপরে চালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি কতখানি বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন…’

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, উল্লেখিত ভিডিওতে মোহাম্মদ ইকবাল হোসাইন আন্দোলনকারীরা পুলিশকে গুলি করার বিষয়ে নয়; বরং আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছে না, এ বিষয়ে জানাচ্ছিলেন।

এ বিষয়ে অনুসন্ধানে দ্যা ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৩ আগস্ট ‘গুলি করি মরে একটা… বাকিডি যায় না স্যার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ সদস্য’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত ভাইরাল ভিডিও ফুটেজটি সংযুক্ত করা রয়েছে৷

ভিডিও ফুটেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পুলিশের পোশাকে মোহাম্মদ ইকবাল হোসাইন মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে আসাদুজ্জামানকে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিচ্ছিলেন। তিনি যে ভিডিও ফুটেজটি দেখাচ্ছিলেন, তাতে সাধারণ পোশাকে একজনকে পড়ে থাকতে দেখা যায়; পুলিশের পোশাক পরিহিত কাউকে পড়ে থাকতে দেখা যায়নি। তাছাড়া, ইকবাল হোসাইন বলছিলেন, “গুলি করি…।” প্রথম পুরুষে বলা এই বাক্য থেকেও বোঝা যায়, তিনি অর্থাৎ পুলিশ সদস্যরা নিজেরাই গুলি করার কথাই বোঝাচ্ছিলেন।

অর্থাৎ, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে পুলিশি হামলার প্রমাণ হিসেবে থাকা ভিডিও ফুটেজটিকে বিভ্রান্তিকরভাবে অপব্যাখ্যা করেছেন সিনিয়র সাংবাদিক মাহবুব আজীজ।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ ইকবাল হোসাইনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

সুতরাং, ‘একটাই যায় স্যার, বাকিডি যায় না’ শীর্ষক ভিডিওটিকে পুলিশের ওপর আন্দোলনকারীদের হামলার ঘটনা বলে দাবি করেছেন মাহবুব আজীজ; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: