ড. মাহদী আমিনের বক্তব্য দাবিতে প্রথম আলো ও এখন টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিনের জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক এবং তারেক রহমান ও বিএনপিকে জড়িয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য দাবিতে মূলধারার গণমাধ্যম প্রথম আলো ও ইলেকট্রনিক গণমাধ্যম এখন টিভির লোগো সংবলিত দুটি পৃথক পৃথক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে দেখা যায়।

প্রথম আলোর লোগো সংবলিত ফটোকার্ডটিতে দাবি করা হয় ড. মাহদী আমিন ‘আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে খাম্বা তারেক, মুচলেকা তারেক, এইসব কুরুচিপূর্ণ মন্তব্যের ক্ষোভের বসে ছাত্রদল ও জিয়া সাইবার ফোর্স আমীরে জামায়াতের আইডি হ্যাক করতে পারে।’ শীর্ষক মন্তব্য করেছেন।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

অপরদিকে এখন টিভির লোগো সংবলিত ফটোকার্ডটিতে দাবি করা হয় তিনি ‘বিএনপির কিছু উশৃংখল নেতাকর্মীদের হাতে সারাদেশ জুড়ে নারী তথা মা বোনদের গায়ে হাত তোলা এটা নিন্দনীয় কাজ ও গর্হিত কাজ হয়েছে। জনাব তারেক রহমান নিন্দা জানিয়েছেন।’ শীর্ষক মন্তব্য করেছেন।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিগুলোতে প্রথম আলো কিংবা এখন টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া ড. মাহদী আমিনও এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, প্রথম আলো এবং এখন টিভিতে প্রকাশিত ভিন্ন ভিন্ন দুটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

প্রথম আলোর ফটোকার্ড যাচাই

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে প্রথম আলোর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘১ ফেব্রুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, প্রথম আলোর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্যকোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও তার এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, প্রথম আলোর ফেসবুক পেজে গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়, যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ছবি এবং গ্রাফিক্যাল ডিজাইনের মিল পাওয়া যায়। তবে উভয়ের শিরোনামে ভিন্নতাও লক্ষ্য করা যায়। এছাড়াও, প্রথম আলোর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। মূলত, ‘জামায়াত আমিরের নারীবিদ্বেষী পোস্টের ৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির’ শিরোনামে প্রথম আলোর উক্ত ফটোকার্ডটির মূল শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে খাম্বা তারেক, মুচলেকা তারেক, এইসব কুরুচিপূর্ণ মন্তব্যের ক্ষোভের বসে ছাত্রদল ও জিয়া সাইবার ফোর্স আমীরে জামায়াতের আইডি হ্যাক করতে পারে। -মাহাদি আমিন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি।’ শিরোনামটি প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

প্রথম আলোর উক্ত ফটোকার্ডের মন্তব্য ঘরে দেওয়া ওয়েবসাইটের লিংকে একই শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

এখন টিভির ফটোকার্ড যাচাই

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে এখন টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ ‘১ ফেব্রুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে এখন টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, এখন টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্যকোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও তার এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, এখন টিভির ফেসবুক পেজে গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়, যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ছবি এবং গ্রাফিক্যাল ডিজাইনের মিল পাওয়া যায়। তবে উভয়ের শিরোনামে ভিন্নতাও লক্ষ্য করা যায়। এছাড়াও, এখন টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। মূলত, ‘জামায়াতের জন্য নারী বিদ্বেষী আচরণ নতুন কিছু নয়

এর আগেও নানা ধরনের নারী বিদ্বেষী নানা কর্মকাণ্ড লক্ষণীয় ছিলো – বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন’ শিরোনামে প্রথম আলোর উক্ত ফটোকার্ডটির মূল শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘বিএনপির কিছু উশৃংখল নেতাকর্মীদের হাতে সারাদেশ জুড়ে নারী তথা মা বোনদের গায়ে হাত তোলা এটা নিন্দনীয় কাজ ও গর্হিত কাজ হয়েছে। জনাব তারেক রহমান নিন্দা জানিয়েছেন। -মাহাদি আমিন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র।’ শিরোনামটি প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, ড. মাহদী আমিনের নামে প্রথম আলো এবং এখন টিভির লোগো ও ডিজাইন সংবলিত ভুয়া ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়েছে।

সুতরাং, জামায়াতে ইসলামীর আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া ও বিএনপির নেতাকর্মীদের প্রসঙ্গে ড. মাহদী আমিনের মন্তব্য দাবিতে প্রথম আলো এবং এখন টিভির নামে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

  • Prothom Alo Facebook Post
  • Ekhon TV Facebook Post
Share: