‘মাহমুদা মিতুকে আন্দোলনে কোথাও পাওয়া যায়নি’ দাবিতে মাহফুজ আলমের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু তার ফেসবুক প্রোফাইলে জাতীয় সংসদের স্পিকারকে উদ্দেশ্য করে কিছু ছবি যুক্ত করে একটি পোস্ট প্রকাশ করেন৷ এরই প্রেক্ষিতে, ডা. মাহমুদা মিতুকে উদ্দেশ্য করে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য দাবিতে ‘ডা. মাহমুদা মিতু ৫ আগস্ট বিজয়ের দিনের ছবি দিয়ে নিজেকে শাহবাগ থেকে উঠে আসা বিপ্লবী দাবী করলেও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাকে কোথাও পাওয়া যায়নি’ শিরোনামের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. মাহমুদা মিতুকে জড়িয়ে মাহফুজ আলম আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে উক্ত ভুয়া বক্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। সাধারণত, জনপরিচিত কোনো রাজনৈতিক ব্যক্তি এ ধরনের মন্তব্য করলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হতো। তবে এ ঘটনায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Pinaki Elias National Institute of Sources – PENIS’ লেখা লক্ষ্য করা যায়। এটির ভিত্তিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘Pinaki Elias National Institute of Sources – PENIS’ নামের একটি ফেসবুক পেজে গত ২১ জুন আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। তবে, উক্ত পোস্টে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।

‘Pinaki Elias National Institute of Sources – PENIS’ পেজটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটিতে নিয়মিতভাবে তথ্যসূত্র উল্লেখ ব্যতীত ফটোকার্ড পোস্ট করা হয়ে থাকে।

এছাড়া, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করেও এ ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

সুতরাং, মাহফুজ আলম ‘‘ডা. মাহমুদা মিতু ৫ আগস্ট বিজয়ের দিনের ছবি দিয়ে নিজেকে শাহবাগ থেকে উঠে আসা বিপ্লবী দাবী করলেও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাকে কোথাও পাওয়া যায়নি’’ বলেছেন দাবিতে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: