সম্প্রতি, ‘শেখ হাসিনা যত উন্নয়ন করেছেন, খালেদা জিয়ার তত বয়সও হয়নি’ শিরোনামে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ছবিটি প্রায় ১৭ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা যত উন্নয়ন করেছেন, খালেদা জিয়ার তত বয়সও হয়নি বলে মন্তব্য করেননি মাহিয়া মাহি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, ‘Gorom TV’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ৬ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে।
‘Gorom TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পেজটির সমস্ত কন্টেন্ট কেবল ব্যঙ্গ এবং বিনোদনের উদ্দেশ্যে। এটি বাস্তব বা বাস্তব সংবাদের উৎস নয়। আমরা হাস্যরস এবং প্যারোডির মাধ্যমে সংবাদ উপস্থাপন করি।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
এছাড়া, মাহিয়া মাহির মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে দেশের গণমাধ্যমগুলো ঢালাওভাবে সংবাদ প্রচার করার কথা। তবে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি। মাহিয়া মাহির ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ বিষয়ে কোন পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ এর জুলাই আন্দোলনের পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন নায়িকা মাহিয়া মাহি। গত জুনে দেশ ত্যাগ করেন তিনি।
সুতরাং, শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নিয়ে প্রচারিত মাহিয়া মাহির মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Mahiya Mahi – Facebook Account
- Mahiya Mahi – Instagram Account


