ডাকসু নেতা এ বি জুবায়ের ও ছাত্রদলকে জড়িয়ে মাহমুদা মিতুর নামে ভুয়া বক্তব্য প্রচার

গত ২৩ এপ্রিল রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হয়েছেন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই ঘটনার প্রেক্ষিতে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু “সেদিন ছাত্রদলের লক্ষ ছিলো জুবায়েরের পুরুষত্ব নষ্ট করে দেয়া। সেজন্য তারা টার্গেট করে জুবায়েরের অন্ডকোষে আঘাত করেছিলো।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শাহবাগ থানার সামনে ডাকসু নেতাদের ওপর হামলা ও মারধরের ঘটনায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের ও ছাত্রদলকে জড়িয়ে ডা. মাহমুদা মিতু আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত মন্তব্যটি প্রথম একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়েছে; যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়েছে।
ডা. মাহমুদা মিতু এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এছাড়া, ডা. মাহমুদা মিতুর ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Bengali Steam’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৭ এপ্রিল প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।
এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ডা. মাহমুদা মিতু “সেদিন ছাত্রদলের লক্ষ ছিলো জুবায়েরের পুরুষত্ব নষ্ট করে দেয়া। সেজন্য তারা টার্গেট করে জুবায়েরের অন্ডকোষে আঘাত করেছিলো।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- ডা. মাহমুদা মিতু – Facebook Profile
- Bengali Steam- Facebook Post
- Bengali Steam- Facebook Page

