সম্প্রতি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু মন্তব্য করেছেন দাবিতে ‘মাওলানা মামুনুল হকের মতো জ্ঞানী নেতা এই দেশে আর একটাও নেই। তাকে স্বৈরাচারী কায়দায় ৫০১ বলে কটাক্ষ করা জুলাইকে অপমান করার শামিল।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৪১ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ২ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মামুনুল হককে জড়িয়ে ডা. মাহমুদা মিতু আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।
ডা. মাহমুদা মিতু এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এছাড়া, ডা. মাহমুদা মিতুর ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘দৈনিক মোল্লার দেশ’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২০ জুন প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘দৈনিক মোল্লার দেশ’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, মামুনুল হককে জড়িয়ে ডা. মাহমুদা মিতুর নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- দৈনিক মোল্লার দেশ – Facebook Post
- ডা. মাহমুদা মিতু – Facebook Profile


