তারেক রহমান ‘শিশু মুক্তিযোদ্ধা’ হলে জাইমা শুক্রাণু মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেননি মাহমুদা মিতু

সম্প্রতি এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু “তারেক রহমান যদি ‘শিশু মুক্তিযো/দ্ধা’ হয়, তাহলে জায়মা রহমান হলো ‘শু/ক্রাণু মুক্তিযো/দ্ধা” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “তারেক রহমান যদি ‘শিশু মুক্তিযো/দ্ধা’ হয়, তাহলে জায়মা রহমান হলো ‘শু/ক্রাণু মুক্তিযো/দ্ধা” বলে ডা. মাহমুদা মিতু কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার প্রোফাইলের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

এ সংক্রান্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে মোঃ আল আমিন নামের একটি ফেসবুক প্রোফাইলে ১০ এপ্রিল প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ মূল ফটোকার্ডটিতে ‘ধ্বজভঙ্গ টিভি ।। বিনোদন’ লেখা পাওয়া যায়, যা জাতীয় দৈনিক কালের কণ্ঠের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে।

ফেসবুক প্রোফাইলটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক ও ভিত্তিহীন পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক ও ভিত্তিহীন কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

এছাড়া, ডা. মাহমুদা মিতুর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করলে আলোচিত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ডা. মাহমুদা মিতু “তারেক রহমান যদি ‘শিশু মুক্তিযো/দ্ধা’ হয়, তাহলে জায়মা রহমান হলো ‘শু/ক্রাণু মুক্তিযো/দ্ধা” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: