নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ‘গণতন্ত্র রক্ষার জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, না হলে দেশে আবারো বিশৃঙ্খলা হবে -যার দায়ভার বিএনপিকেই নিতে হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্য করেননি মাহমুদুর রহমান মান্না। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
অনুসন্ধানের অংশ হিসেবে মাহমুদুর রহমান মান্নার ফেসবুক প্রোফাইল ও নাগরিক ঐক্যের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।
সাধারণত দেশের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তি, বিশেষ করে সংবিধান বাতিলের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচিত কোনো বক্তব্য দিলে সেটি জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্নার এমন কোনো মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি। বরং বিভিন্ন সময় আওয়ামী লীগ প্রসঙ্গে তাকে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়।
আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গে তার একাধিক বক্তব্য পাওয়া যায়, তবে এসব বক্তব্য আলোচিত দাবিকে সমর্থন করেনা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে মাহমুদুর রহমান মান্না বলেছিলেন– “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির (জাপা) মাধ্যমে নৌকা লাঙ্গলে উঠে পতিত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। বর্তমানে জাপা আওয়ামী লীগের লেজ নয়, মাথা।”
এছাড়া, সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে গত ০২ ফেব্রুয়ারি তিনি বলেছেন– “আমি আওয়ামী লীগ করেছি মেলা দিন। ছেড়ে চলে এসেছি কেন-আমি মনে করেছি আওয়ামী লীগ তার নীতিতে নেই। এখন আওয়ামী লীগ যদি দুঃখ প্রকাশ করে অনুতপ্ত হয়। আবার নীতিতে ফিরে আসে, তাহলে সবাইতো বলছে যে-সবাইকে নিয়েই আমরা দেশটা গড়ব। আমি তাতে থাকব।”
সুতরাং, মাহমুদুর রহমান মান্না ‘গণতন্ত্র রক্ষার জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, না হলে দেশে আবারো বিশৃঙ্খলা হবে -যার দায়ভার বিএনপিকেই নিতে হবে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mahmudur Rahman Manna – Facebook Profile
- Nagorik Oikko- Facebook Page
- Jugantor- পিআর পদ্ধতিতে পতিত আ.লীগ ফিরে আসবে: মাহমুদুর রহমান মান্না
- Kaler Kantho- নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না


