আওয়ামী লীগের নীতির বিষয়ে মাহমুদুর রহমান মান্নার মন্তব্য বিকৃত করে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, বগুড়া-২ ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘বহুবছর আ.লীগ করেছি, আ.লীগ নীতিতে বিশ্বাসি—সুযোগ পেলে আবারো দলে যোগ দিতে চাই’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বহুবছর আ.লীগ করেছি, আ.লীগ নীতিতে বিশ্বাসি—সুযোগ পেলে আবারো দলে যোগ দিতে চাই’ শীর্ষক মন্তব্য করেননি মাহমুদুর রহমান মান্না। প্রকৃতপক্ষে, তার করা ‘আওয়ামী লীগ তার নীতিতে নেই, অনুতপ্ত হয়ে নীতিতে ফিরে আসলে দেশ গড়ায় মান্নাও থাকবে’ শীর্ষক বক্তব্যকে বিকৃত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম কালের কণ্ঠ এর ওয়েবসাইটে ‘নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না’ শিরোনামে গত ২ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরে তার নিজের প্রতীক কেটলি মার্কার পক্ষে গণসংযোগকালে মান্না বলেন, স্বৈরাচারকে স্বৈরাচার দিয়ে মোকাবেলা করা যায় না। স্বৈরাচারকে গণতন্ত্র দিয়ে মোকাবেলা করতে হয়। আমি আওয়ামী লীগ করেছি মেলা দিন। ছেড়ে চলে এসেছি কেন—আমি মনে করেছি আওয়ামী লীগ তার নীতিতে নেই। এখন আওয়ামী লীগ যদি দুঃখ প্রকাশ করে অনুতপ্ত হয়। আবার নীতিতে ফিরে আসে, তাহলে সবাইতো বলছে যে—সবাইকে নিয়েই আমরা দেশটা গড়ব। আমি তাতে থাকব।
এছাড়াও, বিডিনিউজ২৪সহ আরো একাধিক গণমাধ্যম সূত্রেও একইরকম তথ্য জানা যায়। প্রকৃতপক্ষে মান্না বলেছেন, তিনি মনে করেছেন, আওয়ামী লীগ তার নীতিতে নেই। তাই আওয়ামী লীগ ছেড়ে এসেছেন। এখন আওয়ামী লীগ যদি দুঃখ প্রকাশ করে অনুতপ্ত হয়ে আবার নীতিতে ফিরে আসে তাহলে সবাইকে নিয়েই দেশ গড়া হবে এবং তাতে মান্নাও থাকবেন।
মান্নার বলা উক্ত বক্তব্যকে বিকৃত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, মাহমুদুর রহমান মান্নার বলা ‘আওয়ামী লীগ তার নীতিতে নেই, অনুতপ্ত হয়ে নীতিতে ফিরে আসলে দেশ গড়ায় মান্নাও থাকবেন’ শীর্ষক মন্তব্যকে বিকৃত করে ‘বহুবছর আ.লীগ করেছি, আ.লীগ নীতিতে বিশ্বাসি—সুযোগ পেলে আবারো দলে যোগ দিতে চাই’ শীর্ষক মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho – নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না
- Bdnews24 – স্বৈরাচারকে গণতন্ত্র দিয়ে মোকাবিলা করতে হয়: বগুড়ায় মান্না
- Rumor Scanner’s analysis

