বিএনপিকে জড়িয়ে মাহমুদুর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার

গত অক্টোবর মাসে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ছবি সংযুক্ত করে তার মন্তব্য দাবিতে ‘বিএনপি লেংটা হয়ে পরনের কাপড় খুলে, ভারতে দিকে দৌড়ে পালাবে, বিশ্বাস হয়না, শুধু স্থালনীয় সরকার নির্বাচন ঘোষণা করুন ওদের কোনো জনসমর্থন নাই, ওরা চুরি ডাকাতি করে ক্ষমতায় আসতে চায়’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফেসুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক দল বিএনপিকে জড়িয়ে এরূপ কোনো মন্তব্য মাহমুদুর রহমান করেননি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই তার ভিন্ন একটি বক্তব্যের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট ব্যবহার করে ফটোকার্ড বানিয়ে আলোচিত মন্তব্যটি মাহমুদুর রহমানের নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম এখন টিভির ইউটিউব চ্যানেলে গত ১৪ আগস্ট ‘তরুণদের উদ্দেশে মাহমুদুর রহমান: তারা যেন আল্লাহর পথে থাকে’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির থাম্বনেইলের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, সেদিন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংস্থা-ঢাকার উদ্যোগে ‘তারুণ্যের গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ ও উত্তরণে যুব তরুণদের ভূমিকা’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তার বক্তব্যে জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে বলে তিনি মন্তব্য করেন। কারণ জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ করতে হলে আগে জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করতে হবে। এজন্য ষড়যন্ত্রকারীরা জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এছাড়া, উক্ত বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানে তরুণদের অবদান ও এ সম্পর্কিত বিষয়াবলী নিয়ে কথা বলেন। তবে, উল্লিখিত বক্তব্যে তিনি বিএনপিকে জড়িয়ে আলোচিত দাবিতে প্রচারিত মন্তব্যের ন্যায় কোনো কথা বলেননি।
পরবর্তীতে, এ বিষয়ে কালের কন্ঠের ওয়েবসাইটে গত ১৪ আগস্ট ‘জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে : মাহমুদুর রহমান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, বিএনপিকে জড়িয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

