সম্প্রতি, মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫টি এজেন্সি নির্বাচিত করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য প্রচার করা হয়েছে। প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (Ministry of Human Resources of Malaysia) BN78/2025 অনুযায়ী, বাংলাদেশের ২৫টি স্বনামধন্য ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে FWCMS (Foreign Workers Centralized Management System) পদ্ধতির মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচন করেছে। এছাড়াও পোস্টগুলোতে উক্ত প্রতিষ্ঠানসমূহের তালিকা সংবলিত একটি অনুমোদনপত্রও যুক্ত করা হয়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত একই পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের ২৫টি এজেন্সি নির্বাচন করে অনুমোদনপত্র প্রকাশের দাবিটি সঠিক নয়। মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে এমন কোনো তথ্য বাংলাদেশ হাই কমিশনকে জানানো হয়নি নিশ্চিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটির মাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানানো হয়।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যালোচনার মাধ্যমে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫টি এজেন্সি নির্বাচিত করার অনুমোদন প্রদান করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেখা যায়নি। এছাড়াও কোনো গণমাধ্যমেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে গত ১ ডিসেম্বর আলোচিত দাবিটির প্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রচারিত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, রিক্রুটিং এজেন্সি অনুমোদন সংক্রান্ত কোন তথ্য মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানানো হয়নি। এছাড়াও বিজ্ঞপ্তিটির মাধ্যমে আলোচিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানানো হয়।
সুতরাং, মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫টি এজেন্সি নির্বাচিত করেছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।


