সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ছবিযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হয়, ওয়াজ মাহফিল শেষে সিলেট থেকে ফেরার পথে, কিছুক্ষণ আগে ঢাকা আরিচা মহাসড়কে এনা পরিবহন ও মামুনুল হকের মাই গাড়ি মুখোমুখি সংঘর্ষে, ঘটনাস্থলে নি’হত হন মামুনুল হক। এ সংক্রান্ত দাবির পোস্টে থাকা ফটোকার্ডে দুর্ঘটনা কবলিত গাড়ির ছবিও যুক্ত করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত টিকটক পোস্ট দেখুন এখানে। পোস্টটি এ পর্যন্ত ১ মিলিয়নের অধিকবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মামুনুল হকের মৃত্যুর দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। তাছাড়া, দুর্ঘটনার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি ২০২১ সালের ভিন্ন ঘটনার।
এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ মামুনুল হক সম্প্রতি সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন বলে কোনো তথ্য গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি৷ তাছাড়া, এই দাবি প্রচার (০১ জুন) পরবর্তী সময়ে গত ০৩ জুন মামুনুল হককে তার ফেসবুক প্রোফাইল থেকে লাইভ ভিডিও প্রচার করতে দেখা যায়। সে সময় তিনি সৌদি আরব থেকে পবিত্র কাবা ঘরের দৃশ্য লাইভে দেখান।
অর্থাৎ, তার মৃত্যুর যে দাবি ছড়িয়েছে তা ভুয়া৷
পরবর্তীতে সড়ক দুর্ঘটনার প্রচারিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে ডয়চে ভেলে বাংলার ওয়েবসাইটে ২০২১ সালের ২৮ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে একই ঘটনার ছবি পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক ডিভাইডার ভেঙে বিপরীতমুখী মাইক্রোবাসের উপর এনা পরিবহণের একটি বাস উঠে পড়ায় একজন আহত হন।

জাতীয় দৈনিক প্রথম আলোর সেদিনের এক প্রতিবেদনে একই ঘটনার আরো একাধিক ছবি পাওয়া যায়।
সুতরাং, মামুনুল হক মারা গেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Mamunul Haque: Facebook Live


