টিএসসিতে রাতে খেলা দেখা প্রসঙ্গে মামুনুল হকের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ‘টিএসসিতে গভীর রাতে খেলা দেখার নাম করে অশালীন পোশাক পড়ে যুবক-যুবতীরা শিরক কাজে লীপ্ত হচ্ছে সরকার দ্রুত এটা বন্ধ না করলে তৌহিদি জনতাকে সাথে নিয়ে এইসব ব্যভিচার বন্ধ করতে বাধ্য হবো!’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি চকবাজার শাখা সম্পাদক শাহাদাত হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে উক্ত ফটোকার্ডটি প্রচার করেন।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মামুনুল হক এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি। এছাড়া, মামুনুল হকের ফেসবুক প্রোফাইল পেজ পর্যালোচনাতেও এ ধরনের কোনো মন্তব্যের সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে, ‘Gupto Television’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ১ জুলাই প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে। ‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম। সমস্ত কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমাদের কন্টেন্ট হাস্যরস, স্যাটায়ার এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপন করা হয়, যার একমাত্র উদ্দেশ্য হলো বিনোদন।’ (অনূদিত)

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, মামুনুল হক ‘টিএসসিতে গভীর রাতে খেলা দেখার নাম করে অশালীন পোশাক পড়ে যুবক-যুবতীরা শিরক কাজে লীপ্ত হচ্ছে সরকার দ্রুত এটা বন্ধ না করলে তৌহিদি জনতাকে সাথে নিয়ে এইসব ব্যভিচার বন্ধ করতে বাধ্য হবো!’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: