গত ৭ জুলাই ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে, সংরক্ষিত নারী আসনে এমপি ছাত্রদল নেত্রী মানসুরা আলম ‘২১ শে আগস্ট গ্রে/নে/ড হামলার চেয়েও ভয়াবহ হামলা এনসিপির উপরে করেছে যুবলীগ’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মানসুরা আলম আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি। এছাড়া, মানসুরা আলমের ফেসবুক প্রোফাইল পর্যালোচনাতেও এ ধরনের কোনো মন্তব্যের সন্ধান পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ৮ জুলাই আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে মানসুরা আলম এক ফেসবুক পোস্টে বলেন, ‘জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনকিছু নিয়ে তামাশা না করার অনুরোধ রইলো। এই দেশের শত্রুরা নিজেদের রাজনীতি ফেরাতে কি কি করতে পারে তা ২০০৪ সালের ১৭ আগস্টে দেখেছি আমরা। সবাইকে সতর্ক থাকতে হবে। এই দেশের মানুষের শান্তি যাতে পলাতক শত্রুরা বিঘ্নিত না করতে পারে।’
সুতরাং, মানসুরা আলম ‘২১ শে আগস্ট গ্রে/নে/ড হামলার চেয়েও ভয়াবহ হামলা এনসিপির উপরে করেছে যুবলীগ’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Mansura Alam – Facebook post
- NTV – Website
- দৈনিক মোল্লার দেশ – Facebook Post


