হাম ইস্যুতে মানজুর আল মতিনের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, আইনজীবী মানজুর আল মতিন “আবার যদি ডলার ছাড়ে তাহলে হাম নিয়ে কথা বলতাম” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাম ইস্যুকে উদ্দেশ্য করে মানজুর আল মতিন এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত মন্তব্যটি প্রথম একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়েছে; যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি। মানজুর আল মতিন এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজে গত ০৭ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। পাশাপাশি, আলোচিত পোস্টটির তারিখ পর্যবেক্ষণ করলে ‘৩৬ জুলাই ২০২৫’ লেখা দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, মানজুর আল মতিনের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, মানজুর আল মতিন ‘আবার যদি ডলার ছাড়ে তাহলে হাম নিয়ে কথা বলতাম’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: