মাশরাফির নেতৃত্বে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

গত ২৩ জুন ছিল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এরই প্রেক্ষিতে অনলাইনে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজার একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘২৩ শে জুন উপলক্ষে মাশরাফর নেতৃত্বে নড়াইলে আওয়ামী লীগের নৌকার মিছিল’।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত টিকটক পোস্টটি এককভাবে ১ লক্ষ ৮০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ১৩ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে মিছিলের দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ১৩ নভেম্বরে খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে মিছিলের ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Mash Reporter Official’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১২ ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়

ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

এছাড়াও, অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘দেশ টিভি’র ইউটিউব চ্যানেলে ‘হাজারো নেতাকর্মী নিয়ে খুলনার জনসভায় মাশরাফি’ শিরোনামে ২০২৩ সালের ১৩ নভেম্বরে প্রচারিত আরেকটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের আবহের মিল পাওয়া যায়।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সংবাদমাধ্যম ‘সময়ের আলো’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৩ নভেম্বরে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, খুলনার সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ ২০২৩ সালের ১৩ নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। এবং এ জনসভায় যোগ দিতে নড়াইল-২ আসনের তৎকালীন সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সকালে খুলনা সার্কিট হাউজ মাঠে এসে পৌঁছান।

সুতরাং, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বের মিছিলের দৃশ্য দাবিতে ২০২৩ সালের পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: