খালেদ মুহিউদ্দিনের টকশোতে এনসিপি ও ছাত্রদের মাশরাফির হুঁশিয়ারি শীর্ষক ভুয়া দাবি প্রচার

সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের একটি টকশোতে উপস্থিত আছেন ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন। উক্ত ভিডিওটি প্রচার করে থাম্বনেলে দাবি করা হয়েছে, ‘এনসিপিকে হুশিয়ারি দিলেন মাশরাফি। বাড়ি পোড়ানোর কঠিন জবাব দিবে।’ এবং ভিডিওটির শিরোনামে দাবি করা হয়, “খালেদ মহিউদ্দিনের টকশোতে ছাত্রদেরকে প্রতিশোধের হুশিয়ারি দিলেন মাশরাফি”।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিওটি প্রায় ৪ লক্ষ বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিপি ও ছাত্রদেরকে মাশরাফি প্রতিশোধের হুশিয়ারি জানিয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রচারিত টকশো ভিডিওটিও আসল নয়। প্রকৃতপক্ষে, ‘নট আউট নোমান’ নামক ইউটিউব চ্যানেলে মাশরাফির একটি সাক্ষাৎকারের দৃশ্য সম্পাদনা করে খালেদ মহিউদ্দিনের একটি টকশোর ভিডিও সংযুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত মাশরাফির দৃশ্যের বিষয়ে অনুসন্ধান করলে ‘Not out Noman’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘মুখোমুখি মাশরাফি বিন মর্তুজা – নট আউট নোমান এক্সক্লুসিভ’ শীর্ষক শিরোনামে গত ১৪ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির শুরুর দিকের অংশে মাশরাফির বলা কথার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে মাশরাফির বলা কথা, পোশাকসহ আনুষঙ্গিক বিষয়ের সাদৃশ্য পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে মাশরাফির বলা কথাগুলো মূলত উক্ত ভিডিওটি থেকেই নেওয়া হয়েছে৷

উক্ত ভিডিওতে মাশরাফিকে ২০২৪ সালের জুলাই আন্দোলনের বিষয়ে কথা বলতে শোনা যায়। তিনি আন্দোলন বিষয়ে নিজের ভাবনা, অবস্থানসহ নানা বিষয়ে কথা বলেন এবং একইসাথে আন্দোলন চলাকালীন নিজের অবস্থানের বিষয়ে নিজেকে ব্যর্থ বলে উল্লেখ করেন। এছাড়াও, তিনি বলেন তিনি আন্দোলন চলাকালীন আন্দোলনের বিষয়ে স্ট্যাটাস দিতে পারতেন কিন্তু স্ট্যাটাস না দিয়ে আরো বড় পরিসরে কিছু করতে চেয়েছিলেন যা তিনি পারেননি। এছাড়াও তাকে নিজের অবস্থান, চিন্তাভাবনার বিষয়ে নানা কথা বলতে দেখা যায়। তবে, কোথাও তাকে এনসিপি বা ছাত্রদেরকে হুশিয়ারি বা প্রতিশোধ নেওয়ার বিষয়ে কথা বলতে দেখা যায়নি। এছাড়াও, মাশরাফির বলা উক্ত কথাগুলো গত আগস্টের এবং এনসিপি আনুষ্ঠানিকভাবে গঠন হয় গত ফেব্রুয়ারিতে। অর্থাৎ, মাশরাফির বলা কথাগুলো এনসিপি আনুষ্ঠানিকভাবে গঠনের পূর্বের সময়ের।

তাছাড়া, ‘Not out Noman’ এর উক্ত ভিডিওটিতে ডা. তাজনূভা জাবীন উপস্থিত ছিলেন না। তাজনূভা জাবীনের দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে গত ৩ এপ্রিলে ”নির্বাচন’ বনাম ‘সংস্কার” শিরোনামে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামের একটি ইউটিউব চ্যানেলে তাজনূভাকে একইরকম পোশাক ও ব্যকগ্রাউন্ডে উপস্থিত থাকতে দেখা যায়। তবে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে তাজনূভাকে কোনো কথা বলতে দেখা যায়নি।

সুতরাং, খালেদ মুহিউদ্দীনের টকশোতে এনসিপি ও ছাত্রদের প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন মাশরাফি শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: