দাখিলের প্রশ্নকে এআই দিয়ে সম্পাদনা করে গণিতের প্রশ্নফাঁস দাবি

আজ (০৩ মে) এসএসসির গণিত পরীক্ষা। এর প্রেক্ষিতে গতকাল থেকেই গণিতের প্রশ্ন ফাঁস হয়েছে দাবিতে একটি বহুনির্বাচনি প্রশ্নের ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত ছবি সংবলিত পোস্টগুলো দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি এসএসসির গণিত প্রশ্নের নয়। প্রকৃতপক্ষে, এআই দিয়ে ২০২৬ সালের দাখিলের গণিত প্রশ্নের ছবিকে সম্পাদনা করে এসএসসির গণিত প্রশ্ন ফাঁস হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে।

প্রচারিত প্রশ্নের ছবিটি বিশ্লেষণ করে এক পাতায় অন্তত সাতটি বিকৃত ও অস্পষ্ট বানান লক্ষ্য করা যায়। এমন বানান মূলত এআই সম্পাদনায় পরিলক্ষিত হয়। যেমন, ‘নিয়মিত’কে লেখা হয়েছে ‘নিযসিত’, যা সাধারণত এসএসসির মতো একটি পাবলিক পরীক্ষায় দেখা যায় না।

অনুসন্ধানে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত হওয়া ২০২৬ সালের দাখিল পরীক্ষার গণিত প্রশ্নের সাথে আলোচিত ছবির প্রশ্নের অংশের পুরোপুরি মিল পাওয়া যায়। 

তবে সেই প্রশ্নে বর্তমানে প্রচারিত প্রশ্নের মতো উপরের লেবেল পরিলক্ষিত হয়নি। প্রচারিত প্রশ্নে শিরোনামে ‘বহুনির্বাচনী প্রশ্নপত্র’ উল্লেখ থাকলেও দাখিলের প্রশ্নটিতে এর পরিবর্তে ‘বহুনির্বাচনি অভীক্ষা’ উল্লেখ পাওয়া যায়। যাচাই করে দেখা যায়, এসএসসির বিগত সালের গণিত প্রশ্নগুলোতেও ‘বহুনির্বাচনি অভীক্ষা’ই লেখা ছিল। এআইকে কমান্ড দিয়ে মূল প্রশ্নের বিষয়কোড এবং সেটও বদলে দেওয়া হয়েছে।

অর্থাৎ, ২০২৬ সালের দাখিলের গণিত প্রশ্নকে এআই দিয়ে সম্পাদনা করে ভুয়া প্রশ্নটি তৈরি করা হয়েছে।

সুতরাং, এসএসসির গণিত প্রশ্নফাঁস দাবিতে প্রচারিত ছবিটি এআই সম্পাদিত।

তথ্যসূত্র

  • হাসনারা আক্তার হাসি: Facebook Post
  • Rumor Scanner’s analysis 
Share: