মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের করমর্দনের ভাইরাল ছবিটি এআই-নির্মিত

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন’ শীর্ষক সামিটে অংশ নেন। এ প্রেক্ষাপটে জুবাইদা রহমানের সঙ্গে মেলানিয়া ট্রাম্পের করমর্দনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও কতিপয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গণমাধ্যমে ছবিটির প্রচার দেখুন: বাংলানিউজ২৪, বিডিনিউজ২৪, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ওয়েবসাইটে গত ২৬ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়, যেখানে জুবাইদা রহমানের সঙ্গে মেলানিয়া ট্রাম্পসহ অন্যান্য ফার্স্ট লেডির সাক্ষাতের তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বিএনপি মিডিয়া সেলের সৌজন্যে একটি ছবিও প্রকাশিত হয়। সেই ছবির সঙ্গে আলোচিত ছবিটির তুলনা করলে পোশাকে অমিল দেখা যায়।
এছাড়া, এর আগের দিন অর্থাৎ ২৫ মার্চ বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে ওই সামিটে জুবাইদা রহমানের বক্তব্যসংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে প্রকাশিত কয়েকটি ছবির সঙ্গেও আলোচিত ভাইরাল ছবিটির পোশাকের মিল নেই।
পরবর্তীতে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ ঘুরেও আলোচিত ছবিটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করলেও দেখা যায়, জুবাইদা রহমান ও মেলানিয়া ট্রাম্পের মুখের গঠন তাদের বাস্তব চেহারার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। একইসঙ্গে হাতের গঠনেও অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। এ ধরনের ত্রুটি সাধারণত এআই-নির্মিত ছবিতে দেখা যায়।
এছাড়া, গুগলের জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনির তথ্য অনুযায়ী, ছবিটির বেশিরভাগ অংশ বা পুরো ছবিটিই গুগল এআই ব্যবহার করে সম্পাদিত বা তৈরি করা হয়েছে। গুগল তাদের এআই টুল দিয়ে তৈরি কনটেন্টে সিন্থআইডি (SynthID) নামের একটি ডিজিটাল জলছাপ যুক্ত করে, যার মাধ্যমে পরবর্তীতে এমন কনটেন্ট শনাক্ত করা সম্ভব হয়।
সুতরাং, মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের করমর্দনের ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- BSS: Zubaida Rahman meets Melania Trump, other First Ladies
- BNP Media Cell: Facebook Post
- SynthID Analysis.

