আগুয়েরোর সাথে মেসির শুয়ে থাকার পুরোনো ছবিকে এপস্টিন ফাইলসের ছবি দাবিতে প্রচার 

সম্প্রতি, আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে– মেসি এক পুরুষের সাথে বিছানায় শুয়ে আছেন। দাবি করা হচ্ছে– ছবিটি এপস্টিন ফাইলসের এবং মেসি তার পুরুষ সঙ্গীর সাথে শুয়ে আছেন। এছাড়া, উক্ত ছবিটি যুক্ত করে মেসিকে সমকামী হিসেবেও দাবি করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লিওনেল মেসির এই ছবিটির সাথে এপস্টিন ফাইলসের কোনো সম্পর্ক নেই বরং, আলোচিত ছবিটিতে থাকা মেসির পাশের ব্যক্তিটি তার বন্ধু ও আর্জেন্টিনার আরেক ফুটবলার সার্জিও আগুয়েরো এবং উক্ত ছবিটি অন্তত ২০১৪ সাল থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

অনুসন্ধানে রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ভিকে বা ভিকোনতাকতে ২০১৪ সালের ২০ ডিসেম্বর প্রচারিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে।

ভিকে বা ভিকোনতাকতে করা পোস্টে বলা হয়েছে, ছবিতে থাকা ব্যক্তি দুইজন হলেন লিওনেল মেসি এবং আগুয়েরো।

এছাড়া, আর্জেন্টিনাভিত্তিক সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট Taringa তে ২০১৭ সালের ০৯ ফেব্রুয়ারী একজন ব্যবহারকারী উক্ত ছবিটি পোস্ট করেন।

পোস্টে বলা হয়েছে, মেসি এবং কুনের একটি ছবি এটি।

‘কুন’ হচ্ছে আর্জেন্টিনার ফুটবলার সার্জিও আগুয়েরোর ডাকনাম

২০১৯ সালের ১৮ মার্চ Reddit এ এবং ২০২৩ সালের ১৫ জুন figurs নামক একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও আলোচিত ছবিটি পোস্ট করে দাবি করা হয়েছে, এটি মেসি এবং সার্জিও আগুয়েরোর ছবি।

পরবর্তীতে অনুসন্ধানে আফ্রিকান গণমাধ্যম netafrique এর ওয়েবসাইটে ২০১৮ সালের ২০ জুলাই ‘10 choses folles que vous ignoriez sur Lionel Messi’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ছবিটি পাওয়া যায়। তবে, সেখানে ছবিটির বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা না হলেও; উক্ত ছবিটি আগুয়েরোর সাথে মেসির তোলা আপত্তিকর ছবি বলা হয়েছে।

উল্লেখ্য, মেসি ও আগুয়েরো প্রায় দুই দশক ধরে ঘনিষ্ঠ বন্ধু। যুব দল পর্যায় থেকেই তারা বিভিন্ন টুর্নামেন্টে একসঙ্গে একই রুম শেয়ার করেছেন। ছবিটি সেই সময়ের কোনো মুহূর্তের হতে পারে। তবে, ছবিটির নির্দিষ্ট সময়কাল বা প্রেক্ষাপট নিশ্চিতভাবে জানা যায়নি।

অন্যদিকে, এপস্টিন ফাইলসে লিওনেল মেসির নাম দুইটি ফাইলে উল্লেখ থাকলেও সার্জিও আগুয়েরোর নামই নেই।

লিওনেল মেসির নাম যে দুইটি ফাইলে উল্লেখ রয়েছে সেগুলো সরাসরি মেসির সাথে কথোপকথনের নয় বরং, ভিন্ন ব্যক্তির সাথে কথোপকথনের সময় মেসির প্রসঙ্গ নিয়ে কথা বলায় মেসির নাম এসেছে।

এছাড়া, এপস্টিন ফাইলসের প্রতিটি ছবি বা নথিতে একটি কোড রয়েছে। যেমন, মেসিকে নিয়ে কথোপকথনের যে দুইটি পিডিএফ ফাইল রয়েছে সেগুলোর একটি ফাইল এর নাম হলো– ‘EFTA00871522.pdf’। উক্ত ফাইলে প্রবেশ করে যে পিডিএফ ফাইলটি পাওয়া যায়, সেটিতেও একই কোড রয়েছে।

কিন্তু, মেসির যে ছবিটি ছড়িয়ে পড়েছে সেটিতে কোনো কোডই উল্লেখ নেই।

অর্থাৎ, সবকিছু বিবেচনা করে প্রতীয়মান হয় যে, আলোচিত ছবিটির সাথে এপস্টিন ফাইলসের কোনো সম্পর্ক নেই।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এপস্টিন ফাইলসে মেসির এমন ছবি পাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, মেসির সাথে তার বন্ধু ও আর্জেন্টিনার আরেক ফুটবলার সার্জিও আগুয়েরোর একটি পুরোনো ছবিকে এপস্টিন ফাইলসে থাকা ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: