মিশরের বাতিল গোল নিয়ে মেসি ও নেইমারের মন্তব্য দাবিতে ডিবিসি নিউজের আদলে ভুয়া ফটোকার্ড প্রচার

গত ৭ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপে বাতিল হয় মিশরের মোস্তফা জিকোর একটি গোল। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ম্যাচের পর বিভিন্ন আলোচনা ও সমালোচনা দেখা যায়।
এরই প্রেক্ষাপটে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের মন্তব্য দাবিতে বাংলাদেশের গণমাধ্যম ডিবিসি নিউজের লোগো সংবলিত দুটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রথম ফটোকার্ডে দাবি করা হয়, লিওনেল মেসি বলেছেন, ‘মিশরের গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিলনা। ভিএআর এর আবেদন সাথে সাথে করা উচিত ছিল। গোল হওয়ার পরে ভিএআর এর আবেদন করাটা অগ্রহণযোগ্য।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
দ্বিতীয় ফটোকার্ডে দাবি করা হয়, নেইমার জুনিয়র বলেছেন, ‘ফুটবলের কথা উঠলে যে কেউই কোনো না কোনোভাবে আমাকে মনে রাখবে। আমি আনন্দিত যে, ফুটবলের ইতিহাসে নিজের নাম খোদাই করে রেখে যেতে পেরেছি।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিশরের বাতিল হওয়া গোল নিয়ে মেসি ও নেইমার এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিবিসি নিউজের ফটোকার্ডের আদলে ভুয়া ফটোকার্ড দুটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ফটোকার্ড দুটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উভয়টিতেই ডিবিসি নিউজের লোগো ব্যবহার করা হয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ৮ জুলাই উল্লেখ রয়েছে।
তবে ডিবিসি নিউজের ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এমন কোনো ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। অন্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও মেসি ও নেইমারের নামে প্রচারিত মন্তব্যগুলোর তথ্য মেলেনি।
মেসি বা নেইমার এমন মন্তব্য করলে তা আন্তর্জাতিক ক্রীড়াবিষয়ক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এ ধরনের কোনো প্রতিবেদন বা নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।
এ ছাড়া ফটোকার্ড দুটি পর্যবেক্ষণ করে এতে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির জলছাপ দেখা যায়। এ সূত্র ধরে জেমিনির মাধ্যমে ফটোকার্ডগুলো যাচাই (১,২) করে জানা যায়, ছবিগুলোর একটি অংশে গুগল এআই দিয়ে সম্পাদিত বা তৈরি করা কনটেন্ট রয়েছে।
অর্থাৎ, ডিবিসি নিউজের ফটোকার্ডের ফরম্যাট নকল করে এআইয়ের সাহায্যে ভুয়া ফটোকার্ড দুটি তৈরি করা হয়েছে।
সুতরাং, মিশরের বাতিল হওয়া গোল নিয়ে মেসি ও নেইমারের মন্তব্য দাবিতে প্রচারিত ডিবিসি নিউজের ফটোকার্ড দুটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- DBC News – Facebook Page
- Gemini

