দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া সহজ হবে দাবিতে গোলাম পরওয়ারকে উদ্ধৃত করে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খুলনা-৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ারকে উদ্ধৃত করে ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলরেই জান্নাতে যাওয়া সহজ হবে মিয়া গোলাম পরওয়ার’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাঁড়িপাল্লায় ভোট দিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেরই জান্নাতে যাওয়া সহজ হবে বলে গোলাম পরওয়ার কোনো মন্তব্য করেননি এবং আমার দেশও এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষনে দেখা যায়, এতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১১ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

পরবর্তীতে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ ও মিয়া গোলাম পরওয়ারের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, মিয়া গোলাম পরওয়ারকে উদ্ধৃত করে আমার দেশের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: