পরীক্ষা কেন্দ্রে ছেলেদের পোশাক খুলে চেক করা প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্য শীর্ষক ভুয়া দাবি প্রচার

আগামী ২১ এপ্রিল শুরু হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এরই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন “এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে কঠোরভাবে স্ক্যানার মেশিনের সাহায্যে চেক করা হবে এবং প্রয়োজনে “গোপন রুমে” ছেলেদের “পোশাক খুলেও” চেক করা হবে।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবির পোস্ট দেখুন ফেসবুক, ইনস্টাগ্রামে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষা কেন্দ্রে চেক করা প্রসঙ্গে এমন কোনো বক্তব্য দেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কর্তৃক এমন কোনো মন্তব্য করার তথ্য গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। আসন্ন এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী। গত ১০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬–এর কেন্দ্র সচিবদের সঙ্গে জুম মিটিংয়ে অংশ নিয়ে তিনি প্রতিটি পরীক্ষাকক্ষে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। বিদ্যুৎ–বিভ্রাটের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ নিশ্চিত করতে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
এই সভার আগে-পরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একাধিক সভায় দেওয়া বক্তব্য পর্যালোচনা করে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।
এছাড়া, শিক্ষামন্ত্রীর মিডিয়া সেল এবং ফেসবুক পেজেও আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
আদৌ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমন কোনো নির্দেশনা দিয়েছেন কিনা সে বিষয়ে জানতে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, শিক্ষা মন্ত্রী এমন কিছু বলেননি।
সুতরাং, পরীক্ষা কেন্দ্রে ছেলেদের পোশাক খুলে চেক করা প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্য শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Statement
- Rumor Scanner’s analysis

