‘বিদ্যুতের দাম বাড়ানোর সাথে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ার কোন সম্পর্ক নেই’- জ্বালানি মন্ত্রী টুকুর নামে ভুয়া মন্তব্য

সম্প্রতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘বিদ্যুতের দাম বাড়ানোর সাথে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ার কোন সম্পর্ক নেই। আসলে ভোক্তাদের বেশি বিদ্যুৎ ব্যাবহার করার জন্য বিদ্যুৎ বিল বাড়ছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন : এখানে, এখানে এবং এখানে
একই দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিদ্যুতের দাম বাড়ানোর সাথে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ার কোন সম্পর্ক নেই। আসলে ভোক্তাদের বেশি বিদ্যুৎ ব্যাবহার করার জন্য বিদ্যুৎ বিল বাড়ছে’ শীর্ষক কোনো মন্তব্য ইকবাল হাসান মাহমুদ টুকু করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি। এছাড়াও, ইকবাল হাসান মাহমুদ টুকুর ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যালোচনা করে তার এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ৭ জুলাই আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রসঙ্গে দেশীয় গণমাধ্যম চ্যানেল২৪ এ প্রকাশিত ভিডিও প্রতিবেদনে তার বক্তব্য লক্ষ্য করা যায়, তিনি বলেন, বিদ্যুৎ এর বিল বেড়ে গেছে, এরকম অভিযোগ গুলো সমাধান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়াও, ৬ জুলাই জ্বালানি খাতের সংকট নিরসনের উপায় নিয়ে জ্বালানি মন্ত্রী বক্তব্য দেন। তিনি বলেন দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানি কমাতে পারলে জ্বালানি খাতের সংকট নিরসন সম্ভব
সুতরাং, ইকবাল হাসান মাহমুদ “বিদ্যুতের দাম বাড়ানোর সাথে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ার কোন সম্পর্ক নেই। আসলে ভোক্তাদের বেশি বিদ্যুৎ ব্যাবহার করার জন্য বিদ্যুৎ বিল বাড়ছে” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Iqbal Hassan Mahmood – Facebook Page
- Rumor Scanner’s own analysis
- Banglavision – Website
- Channel 24 – Video

