মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয় এটি মিরপুরে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনাকালে হামলার শিকার ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনিক কর্মকর্তাদের ঘটনার দৃশ্য। ভিডিওটি একাধিক অ্যাকাউন্ট থেকে একই দাবিতে প্রচার করা হয়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি সত্য হলেও প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার এবং এর ঘটনাস্থল মিরপুরেও নয়। প্রকৃতপক্ষে, পিরোজপুরের নেছারাবাদে বার্ষিক পরীক্ষা বন্ধ রাখায় শিক্ষক-অভিভাবকের মধ্যে সংঘর্ষের দৃশ্য এটি।

এ বিষয়ে অনুসন্ধানে, ঢাকা এক্সপ্রেস নামের এক অনলাইন সংবাদমাধ্যমে ৫ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত ছবির সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন চালানোর কারণে বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ রাখায় অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে পড়ে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পিরোজপুর, পাবনা এবং দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষকের সঙ্গে অভিভাবকদের বাগ্বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এটি শিক্ষক অভিভাবক সংঘর্ষেরই একটি দৃশ্য।

অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ঢাকা মেইল এর ৪ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, পিরোজপুরের নেছারাবাদে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে দুই দফায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি নিয়ে সহকারী শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, ‘কারাগার’ নামের একটি ফেসবুক পেজে একই ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে উপস্থিত ব্যক্তিবর্গ ও পারিপার্শ্বিক পরিবেশ বিশ্লেষণ করে উভয় ভিডিওর মধ্যে সাদৃশ্য পাওয়া যায়। উক্ত ফেসবুক ভিডিওর ক্যাপশনে উল্লেখ রয়েছে এটি বরিশালের নেছারাবাদে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সংঘর্ষের দৃশ্য এটি।

এছাড়া মূলধারার গণমাধ্যমে মিরপুরের উচ্ছেদ অভিযানের ব্যাপারে অনুসন্ধান করা হলে অনলাইন সংবাদমাধ্যম বিজনেস স্টান্ড্যার্ড এর এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ ডিসেম্বর মিরপুরে হকার উচ্ছেদ অভিযান পরিচালনাকালে স্থানীয় ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িসহ সিটি করপোরেশনের একাধিক যানবাহন ভাঙচুর করা হয়। ঘটনায় ডিএনসিসির ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যসহ অন্তত ছয়জন আহত হন। তবে উক্ত প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ভিডিওটির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির কোনো মিল পাওয়া যায়নি।

সুতরাং, মিরপুরে হকার উচ্ছেদ অভিযানের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর হামলার দাবিতে বরিশালের নেছারাবাদের একটি ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: