মির্জা আব্বাস নাসীরুদ্দীন পাটওয়ারীর ফ্যান দাবি করে প্রচারিত ভিডিওর অডিওটি সম্পাদিত

সম্প্রতি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে তাকে একটি ভিডিও দেখতে দেখা যায়। ভিডিওটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কন্ঠ শোনা যায়। তাকে বলতে শোনা যায়, “ঢাকা-৮ আসনে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও। দিল্লীর এজেন্ডা আর সন্ত্রাস থেকে মুক্ত করে দাও। হায় আল্লাহ, আমাদেরকে যারা থ্রেট দিচ্ছে তুমি যদি নিরাপত্তার চাদরে আমাদের আবৃত করে দাও, তাহলে আমাদের আর কোনো ভয় নাই৷ শহীদ ওসমান হাদি ভাইয়ের যারা ফ্যামিলি রয়েছেন তাদেরকে তুমি নিরাপত্তার চাদরে আবৃত করে নাও।”

ফেসবুকে প্রচারিত উক্ত ভিডিও দেখুন এখানে, যা এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ১৬ লক্ষাধিক বার৷
একই দাবির ইউটিউব ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর অডিওটি আসল নয় বরং সম্পাদিত। মূল অডিওতে থাকা রবীন্দ্র সংগীত বদলে দিয়ে এর পরিবর্তে নাসীরুদ্দীন পাটওয়ারীর দোয়া সংবলিত গত জানুয়ারির একটি ভিন্ন অডিও যুক্ত করে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Asif Shohan’ নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ১১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। তবে অডিওতে বৈসাদৃশ্য পাওয়া যায়।

আসিফ সোহান প্রকাশিত ভিডিওতে মির্জা আব্বাসকে রবীন্দ্র সংগীত শুনতে শোনা যায়। তবে আলোচিত ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ শোনা যায়।
অর্থাৎ, মূল ভিডিওটির অডিও বদলে প্রচার করা হয়েছে। সম্পাদিত এই ভিডিও ১১ ফেব্রুয়ারি থেকেই প্রচার হয়ে আসছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর অডিওটি গত ১৮ জানুয়ারির। সেদিন ওসমান হাদি স্মরণে আলোচনা সভার দোয়ায় উক্ত মন্তব্যগুলো করেন তিনি।
সুতরাং, মির্জা আব্বাস নাসীরুদ্দীন পাটওয়ারীর ফ্যান দাবি করে প্রচারিত ভিডিওর অডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Asif Shohan: Facebook Video
- NPB News : Facebook post

